পাকিস্তান কোমায়: পারিকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। ছবি: রয়টার্স
ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। ছবি: রয়টার্স

ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর বলেছেন, অস্ত্রোপচারের পর পাকিস্তান এখন কোমায়।

পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের জঙ্গি আস্তানায় ভারতের চালানো ‘সার্জিক্যাল স্ট্রাইক’ প্রসঙ্গে মনোহর পারিকর গতকাল শনিবার ওই মন্তব্য করেন। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারতের বিশেষ বাহিনীর চালানো সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তান প্রচণ্ড ধাক্কা খেয়েছে।

মনোহর পারিকর বলেন, সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দুই দিন পরেও পাকিস্তানের কোনো ধারণাই নেই যে কী ঘটেছে। অস্ত্রোপচারের পর অচেতন রোগীর মতো পাকিস্তান এখন কোমায় আছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সার্জিক্যাল স্ট্রাইকের কথা অস্বীকার করার চেষ্টা করেছে পাকিস্তান। কারণ, তারা হতভম্ব হয়ে গেছে। তারা বুঝতেই পারেনি, কীভাবে ও কখন ভারতীয় কমান্ডোরা পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ঢুকে তাদের কাজ শেষ করেছে।

গত বৃহস্পতিবার পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের জঙ্গি আস্তানায় সার্জিক্যাল স্ট্রাইক বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করে ভারত।

গত ১৮ সেপ্টেম্বর ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরির সেনাছাউনিতে সন্ত্রাসী হামলায় ১৮ জন সেনা নিহত হয়। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। তারপরই বৃহস্পতিবারের সার্জিক্যাল স্ট্রাইক চলে।

নিজেদের ভূখণ্ডে ভারতীয় বাহিনীর হানার দাবি প্রত্যাখ্যান করলেও পাকিস্তান তাদের দুই সেনা নিহত হওয়ার কথা স্বীকার করে। এ ঘটনার পর দুই দেশের মধ্যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় গতকাল সকালে ভারত ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।