পাকিস্তান থেকে ভারতে ফিরল হারিয়ে যাওয়া গীতা

১০ বছর আগে হারিয়ে যাওয়া বাক ও শ্রবণপ্রতিবন্ধী গীতা আজ সোমবার পাকিস্তান থেকে নিজ দেশ ভারতে ফিরেছেন। পরনে ছিল লাল-সাদা সালোয়ার কামিজ ও মাথায় ওড়না। গীতার বয়স এখন ২৩ বছর। আজ সকালে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় বলে এনডিটিভির খবরে বলা হয়।
১০ বছর আগে লাহোর রেলওয়ে স্টেশনে পাকিস্তান রেঞ্জার্সরা সমঝোতা এক্সপ্রেসে একাকী বসে থাকা অবস্থায় গীতাকে পান। তখন তাঁর বয়স ছিল ৭ বা ৮। এরপর তাঁর দায়িত্ব নেন করাচিভিত্তিক ঈদি ফাউন্ডেশনের বিলকিস ঈদি। আজ এই ঈদি পরিবারের সঙ্গেই তিনি দেশে ফেরেন।
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের সাহারসা জেলার কাবেরা ধাপ গ্রামের জনার্দন মাহাতো বিবিসির কাছে দাবি করেন, গীতা তাঁর মেয়ে। যখন সে হারিয়ে যায় তখন তার বয়স ছিল ১১ বছর। নাম ছিল হিরা। বৈশাখী মেলায় গিয়ে জলান্ধারের কাছে কর্তাপুর থেকে হারিয়ে যায় গীতা।
ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি জানায়, ওই পরিবারের সঙ্গে ডিএনএ না মিললে গীতাকে একটি সুরক্ষিত হেফাজতে রাখা হবে।
মাহাতো দাবি করেন, ২০০৪ সালে হারিয়ে যায় গীতা। ডিএনএ টেস্টেই প্রমাণিত হবে গীতা তাঁর মেয়ে। মাহাতো পরিবারের দুজন বিমানবন্দরে গীতাকে নিতে এলেও কর্তৃপক্ষের তাড়াহুড়োর কারণে দেখা হয়নি।
গীতার ঘরে ফেরা উপলক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইটারে লিখেছেন, ‘গীতা ইশারা-ভাষায় বলেছেন তাঁর মন সব সময় ভারতেই পড়ে ছিল।... আমাদের মেয়ে ঘরে ফেরায় অভিনন্দন।’
এদিকে ভারতে আসার আগে করাচিতে গীতাকে আবেগঘন পরিবেশে বিদায় জানানো হয়। তাঁকে লালনপালনকারী ঈদি পরিবার জানিয়েছে, গীতার ডিএনএ টেস্ট হওয়া পর্যন্ত তাঁরা গীতার সঙ্গে থাকতে পারবেন বলে ভারত সরকার তাঁদের আশ্বস্ত করেছে।

গীতার এই হারিয়ে যাওয়ার গল্প সম্প্রতি মুক্তি পাওয়া বলিউডের ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর সঙ্গে তুলনা চলে। এই চলচ্চিত্রটি দেখার পর গীতা কান্নায় ভেঙে পড়েন এবং বাড়ি ফিরতে ব্যাকুল হয়ে পড়েন। মিডিয়ায় এই খবর প্রচারিত হওয়ার পর ভারত সরকার গীতাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়।
টাইসম অব ইন্ডিয়া জানায়, সুষমা স্বরাজের নির্দেশে গত আগস্টে পাকিস্তানে ভারতীয় হাইকমিশনার টি সি এ রাঘবন ও তাঁর স্ত্রী গীতার সঙ্গে দেখা করেন। এ সময় পরিবারের একটি ছবি গীতাকে দেওয়া হয়। সেখান থেকে গীতা তাঁর বাবা, সৎমাকে ও ভাইবোনদের চিনতে পারেন।
এদিকে ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত আজ সন্ধ্যায় গীতা ও ঈদি পরিবারের সদস্যদের দাওয়াত দিয়েছেন।