পাকিস্তান প্রশ্নে তুরস্ককে কঠোর বার্তা দিল্লির
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ভারত সফরে যে যৌথ বিবৃতি গত সোমবার প্রচারিত হয়েছে, তাতে সর্বস্তরে সন্ত্রাসবাদের মোকাবিলার ওপর জোর দেওয়া হয়েছে।
দুই নেতার শীর্ষ বৈঠকে পাকিস্তানের নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাসবাদী সংগঠনের নেটওয়ার্ক ও তাদের অর্থ জোগানের ব্যবস্থা নষ্ট করতে সব দেশকেই জোটবদ্ধ হতে হবে। এ প্রসঙ্গে এরদোয়ান বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্ক সব সময় ভারতের পাশে থাকবে।
ভারত সফর শুরুর ঠিক আগে কাশ্মীর সমস্যা নিয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের মন্তব্য সফরের সাফল্য নিয়ে সংশয় সৃষ্টি করেছিল। ভারতের এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কাশ্মীর সমস্যার সমাধানের উদ্যোগে শামিল হতে ভারত ও পাকিস্তান উভয়ের বন্ধু দেশ হিসেবে তুরস্ক আগ্রহী।
এরদোয়ানের ওই অভিমত নিয়ে ভারত প্রকাশ্যে কিছু বলেনি। যৌথ বিবৃতি অথবা প্রধানমন্ত্রীর দেওয়া স্বাগত ভাষণেও সরাসরি কিছু বলা হয়নি। কিন্তু সরকারি সূত্র মনে করিয়ে দিয়েছে, এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রস্তাব ভারত প্রত্যাখ্যান করেছে। ভারতের বক্তব্য, কাশ্মীর নিছকই দ্বিপক্ষীয় সমস্যা। এ জন্য দিল্লি শুধু ইসলামাবাদের সঙ্গেই আলোচনা করবে।