পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুড়ঘর: মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানকে এবার ‘সন্ত্রাসবাদের আঁতুড়ঘর’ বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পর্যটন রাজ্য গোয়ায় গতকাল রোববার ব্রিকস সম্মেলনে মোদি বলেন, দক্ষিণ এশিয়া অঞ্চলের ‘একটি দেশের’ বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মোদির ওই বক্তব্যে পাকিস্তানের উল্লেখ না থাকলেও ইঙ্গিতটা স্পষ্ট। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকসের সম্মেলনে স্বাগতিক দেশের প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারতের প্রতিবেশী একটি দেশ সারা বিশ্বে সন্ত্রাস ছড়াচ্ছে। ব্রিকসের নেতাদের এ বিষয়ে জোরালো নিন্দা জানানো উচিত।
মোদি আরও বলেন, ‘আমাদের অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য সন্ত্রাসবাদ একটি বড় হুমকি। দুঃখজনকভাবে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর এমন একটি দেশ, যার অবস্থান ভারতের পাশেই। ওই দেশ থেকেই সারা বিশ্বে সন্ত্রাস ছড়াচ্ছে। সেখানে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার পাশাপাশি একধরনের মানসিকতাকে প্রশ্রয় দেওয়া হয়। এতে সন্ত্রাসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের পক্ষে জোরালো সমর্থনও রয়েছে। ভারত এ ধরনের মানসিকতার তীব্র নিন্দা জানায়। ব্রিকসকে এ হুমকির বিষয়ে ঐক্যবদ্ধ বক্তব্য দিতে হবে।’
হিন্দু জাতীয়তাবাদী নেতা মোদি এখন ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে একঘরে করার উদ্যোগ নিয়েছেন। গত মাসে ভারতের একটি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ সেনা নিহত হওয়ার পরপরই ভারত এ কঠোর অবস্থান নেয়। নয়াদিল্লি ওই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিদের দায়ী করে। এ ঘটনার আগ্রাসী জবাব দিতে ভারতজুড়ে দাবি উঠেছে। নয়াদিল্লি বলছে, তাদের সেনারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জঙ্গিদের ওপর হামলা করেছে। এতে ইসলামাবাদ ক্ষুব্ধ হয়ে এ ধরনের হামলার সত্যতা অস্বীকার করছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ব্রিকস সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে কড়া নিন্দার প্রস্তাব দিলেও এতে সর্বসম্মতির সম্ভাবনা কম।