ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি সেনাছাউনিতে হামলার পর ভারত ঠিক করেছে, আন্তর্জাতিক স্তরে সর্বত্র পাকিস্তানকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা-বিষয়ক কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এই নির্দেশ দিয়েছেন। নিয়ন্ত্রণরেখার কাছে উরিতে ভারতীয় ব্রিগেডে অতর্কিত সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ১৮।
উরির হামলার বিষয়ে ভারতের করণীয় নিয়ে গতকাল দুপুর পর্যন্ত চলে দফায় দফায় আলোচনা। সকালে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বৈঠক করেন কাশ্মীরফেরত প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ও সেনাপ্রধান দলবীর সিংয়ের সঙ্গে। উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, গোয়েন্দা ও ‘র’ প্রধান, সীমান্ত নিরাপত্তারক্ষী এবং স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।
এরপরেই কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা-বিষয়ক কমিটির বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের শিবিরগুলোতে পাল্টা আক্রমণের বিষয়টিও বিবেচিত হয়। কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশ দেন, রোববার থেকেই যখন আন্তর্জাতিক সমর্থন ভারত পেতে শুরু করেছে, অধিকাংশ দেশ উরি হামলার কড়া নিন্দা করেছে, তখন আন্তর্জাতিক স্তরে সর্বত্র পাকিস্তানকে একঘরে করে তোলার চেষ্টা চালিয়ে যেতে হবে। ওই বৈঠকেই ঠিক হয়, বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের ভারত আরও জোরালোভাবে সমর্থন জানাবে।
সুইজারল্যান্ডের জেনেভায় নির্বাসিত বেলুচ নেতা ব্রাহামদাগ বুগতি ভারতে আশ্রয় চাইলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও সিদ্ধান্ত হয়। বুগতি গতকাল সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, আজ-কালের মধ্যেই ভারতীয় দূতাবাসে গিয়ে এ বিষয়ে তিনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন। কাল বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কাশ্মীর প্রসঙ্গ তুললে ভারত তার উপযুক্ত জবাব দেবে বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে। সেই দায়িত্ব পালন করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। উরি হামলায় পাকিস্তানের যোগসাজশের যাবতীয় তথ্য সেই জবাবে থাকবে। নিরাপত্তা-বিষয়ক কমিটির বৈঠকে রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ সেনাবাহিনী, গোয়েন্দা বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই আক্রমণাত্মক ভূমিকার মাঝে পাকিস্তান অবশ্য তাদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেই চলেছে। গতকাল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ভারতের অভিযোগ ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন।’ জবাবে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু যা বলেছেন তাতে পরিষ্কার, ভারত এবার তার মতো করেই ব্যবস্থা নেবে।’