পাকিস্তানকে দুষলেন মেহবুবা মুফতিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহবুবা মুফতি
মেহবুবা মুফতি

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের সাম্প্রতিক সহিংসতার জন্য পাকিস্তানকে দায়ী করলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গতকাল শনিবার দিল্লিতে গিয়ে সাক্ষাতের পর এ মত দেন মেহবুবা।
নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি বলেন, পাকিস্তান ও বিচ্ছিন্নতাবাদী নেতাদের উসকানিতে কাশ্মীরের তরুণেরা নিরাপত্তা বাহিনী ও থানার ওপর চড়াও হচ্ছে। তিনি বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশে বলেন, ‘জীবনহানি রোধে আপনাদের সহযোগিতা চাই।’
গত ৮ জুলাই বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদীনের তরুণ নেতা বুরহান ওয়ানি ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হওয়ার পর কাশ্মীর উপত্যকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত এ সহিংসতায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শত শত লোক। ছররা জাতীয় গুলিতে দৃষ্টিশক্তি হারিয়েছেন বহু লোক।
গতকাল মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেন, ‘আমি পাকিস্তানকে বলতে চাই, কাশ্মীরের মানুষের প্রতি আপনাদের যদি কোনো সহানুভূতি থাকে আপনারা সেখানে উসকানি দেবেন না। তরুণদের প্রাণহানি রোধে সহায়তা করুন।’
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাশ্মীর সফরের দুই দিন পরেই মেহবুবা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করলেন। মেহবুবা বলেন, কেন্দ্রীয় সরকার কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে যে প্রচেষ্টা চালাচ্ছে তাতে আমি সন্তুষ্ট। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ওপর আমার অনেক প্রত্যাশা।’
কাশ্মীরের এ সহিংসতার জন্য পাকিস্তান ভারতীয় নিরাপত্তা বাহিনীর ‘বাড়াবাড়িকে’ দায়ী করেছে। আবার, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে পরিস্থিতি ঘোলাটে করার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।