পাকিস্তানি গোলায় ৮ ভারতীয় নিহত
বিতর্কিত কাশ্মীর সীমান্তে আজ মঙ্গলবার পাকিস্তানের গোলা বর্ষণে ভারতের আটজন বেসামরিক লোক নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। পাকিস্তান পাল্টা দাবি করে বলেছে, গতকাল সোমবার ভারতীয় বাহিনীর গুলিতে তাদের ছয়জন নাগরিক নিহত হয়। এ ঘটনায় তারা ভারতের জ্যেষ্ঠ এক কূটনীতিককে তলব করেছে।
ভারতের শীর্ষস্থানীয় বেসামরিক কর্মকর্তা পবন কোতওয়াল এএফপিকে বলেন, পাকিস্তানের পাঞ্জাব সীমান্তবর্তী জম্মু শহরের কাছে পাকিস্তানের নিক্ষেপ করা গোলায় দুই শিশুসহ পাঁচজন নিহত হন। একটি লিখিত বার্তায় কোতওয়াল বলেন, নিয়ন্ত্রণরেখার কাছে পাহাড়ি এলাকা রাজৌরিতে নিহত হয়েছেন আরও দুই নারী। আর মঙ্গলবার রাতে পাকিস্তানের নিক্ষেপ করা গোলায় আরেক ব্যক্তি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা।
ওই গোলাবর্ষণের কথা উল্লেখ করে ভারতের বার্তার সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে আজ সকালে শুরু হওয়া গোলাগুলিতে অন্তত ২২ জন আহত হয়েছেন।
গত ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরির সেনাছাউনিতে জঙ্গি হামলায় দেশটির ১৯ সেনা নিহত হওয়ার ঘটনার পর নিয়ন্ত্রণরেখাজুড়ে (এলওসি) উভয় দেশের সেনাদের মধ্যে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘন এবং ‘বিনা উসকানিতে গোলাগুলির’ অভিযোগ তুলছে।