পাকিস্তানের হাইকমিশন কর্মকর্তাকে বহিষ্কার করছে ভারত
গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে বহিষ্কার করছে ভারত। ৪৮ ঘণ্টার মধ্যে ওই কর্মীকে ভারত ছাড়তে হবে। ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর এ সিদ্ধান্তের কথা জানাতে পাকিস্তানের হাইকমিশনারকে তলব করেছেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গত বুধবার ভারতের নিরাপত্তাবিষয়ক তথ্য পাচারের অভিযোগে পাকিস্তান হাইকমিশনের ভিসা শাখার কর্মকর্তা মেহমুদ আখতারকে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের হাইকমিশনারকে সাফ জানাবে, তাঁদের কর্মীকে ভারত ছাড়তে হবে।
দিল্লি পুলিশের কমিশনার (অপরাধ) রবীন্দ্র যাদব বলেন, গত বুধবার পাকিস্তান হাইকমিশনের ওই কর্মীকে নিরাপত্তাবিষয়ক তথ্য পাচারের অভিযোগে আটক করা হয়। ভারতের সীমান্তে নিরাপত্তাকর্মীদের অবস্থান নিয়ে বিভিন্ন তথ্য তিনি পাচার করছিলেন। পাকিস্তানের কূটনৈতিক সূত্র জানিয়েছে, হাইকমিশনের কর্মী মেহমুদ আখতার ভিসা বিষয়ক কর্মকর্তা।
পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে। বাসিত বলেন, পাকিস্তান কূটনৈতিক নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো আচরণ করে না।
কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ভারতের অভিযোগ, গত সেপ্টেম্বর মাসে উরি সেনাছাউনিতে পাকিস্তানের মদদে সন্ত্রাসীদের হামলায় ১৯ জন ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। এরপর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্কে আবার উত্তেজনা শুরু হয়। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর ‘সার্জিক্যাল স্ট্রাইককে’ কেন্দ্র করে সেই উত্তেজনা বাড়ে।