পাকিস্তানি পতাকা বিষয়ে কঠোর ব্যবস্থা নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে একটি সমাবেশে পাকিস্তানি পতাকা প্রদর্শন এবং ভারতবিরোধী বক্তব্য দেওয়ার ঘটনায় দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদকে টেলিফোনে এই আহ্বান জানিয়েছেন রাজনাথ। খবর এনডিটিভির।
কাশ্মীরের শ্রীনগরে গত বুধবার এক সমাবেশে বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারাত আলমের সমাবেশে পাকিস্তানি পতাকা প্রদর্শন করা হয়। এ সময় কাশ্মীরের স্বাধীনতার পক্ষে এবং ভারতবিদ্বেষী স্লোগান দেওয়া হয়।
ওই ঘটনার পর বুধবার রাতেই রাজনাথ মুখ্যমন্ত্রী সাঈদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। রাজনাথ বলেন, ‘জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। রাজনীতি জাতীয় নিরাপত্তাকে কখনোই আঘাত করবে না।’
পাকিস্তানি পতাকা প্রদর্শন এবং ভারতবিরোধী বক্তব্যের পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
মুখ্যমন্ত্রী সাঈদ গতকাল বৃহস্পতিবার বলেছেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা আইনকে অবজ্ঞা করতে পারি না।’
এদিকে বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারাত আলম গতকাল বলেছেন, ‘আমি নিজে পাকিস্তানি পতাকা ওড়াইনি। লোকজন এটি উড়িয়েছে। তবে পতাকা ওড়ানোয় আমি দোষের কিছু দেখি না।’
পাকিস্তানি পতাকা ওড়ানো নতুন কোনো ঘটনা নয় উল্লেখ করে মাসারাত বলেন, ‘১৯৪৭ সাল থেকেই পতাকা ওড়ানোর ঘটনা ঘটছে।’
পিডিপির যুব শাখার সভাপতি ওয়াহিদ রেহমান পাররা বলেন, ‘কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ একটি বাস্তবতা। আমাদের এটা মানতে হবে। বিচ্ছিন্নতাবাদী বলে পরিচিত মানুষের গণতান্ত্রিক অধিকারের বিষয়টি ভুলে গেলে চলবে না।’
গত মার্চ মাসে মাসারাত আলম কারাগার থেকে মুক্তি পেলে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। মাসারাতই কাশ্মীরের ২০১০ সালের প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিলেন বলে অভিযোগ আছে। তখন পুলিশ ও সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইটপাথর ছোড়া বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।