পাকিস্তানের আতিথেয়তায় মুগ্ধ ভারতীয় জওয়ান

ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা সব সময় থাকে। এক দেশের সেনা অপর দেশে ঢুকে পড়লে শুরু হয় টানাপোড়েন। কিন্তু সম্প্রতি ঘটেছে উল্টা ঘটনা।
কয়েক দিন আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ান দুর্ঘটনাক্রমে নদীপথে পাকিস্তানে ঢুকে পড়েন। সেই জওয়ানকে আজ শুক্রবার সসম্মানে ভারতে ফেরত পাঠিয়েছে পাকিস্তান।
চেনব নদীতে ভেসে যাওয়া ওই জওয়ানের নাম সত্যশীল যাদব। তিনি পাকিস্তানের আতিথেয়তায় মুগ্ধ। আজ তিনি পিটিআইকে বলেছেন, পাকিস্তানের সীমান্তরক্ষীরা তাঁর সঙ্গে যে বন্ধুসুলভ আচরণ করেছে তা তাঁর কাছে প্রত্যাশিত ছিল না।
সত্যশীল জানান, চেনব নদীতে একটি স্পিড বোটে টহল দিচ্ছিলেন তিনিসহ অন্য জওয়ানরা। হঠাত্ প্রবল স্রোতের মধ্যে পড়ে যান তাঁরা। নৌকাটি স্রোতের তোড়ে ভেসে যেতে থাকলে তাঁর সঙ্গীরা নৌকা থেকে নেমে কূলে ওঠেন। কিন্তু তিনি সাঁতার না জানায় নৌকা থেকে লাফ দেননি। নৌকাটি তাঁকে পাকিস্তানের সীমানায় নিয়ে আসে। পরে পাকিস্তানের সীমান্তরক্ষীরা তাঁকে উদ্ধার করেন।
৩০ বছরের বয়সী ওই বিএসএফ জওয়ান বলেন, ‘তাঁরা প্রথমে আমার পরিচয় জানতে চান। আমি যা ভেবেছিলাম তার চেয়ে তাঁরা অনেক ভালো রেখেছিল। আমার কোনো অভিযোগ নেই, আমি খুশি।’