পাকিস্তানের ওপর এবার ভারতের বাণিজ্যিক চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীর নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানকে চাপে রাখতে ভারত এবার বাণিজ্যিক সম্পর্কের দিকে নজর দিতে চলেছে। কাল বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বৈঠক ডেকেছেন। পাকিস্তানকে দেওয়া ‘মোস্ট ফেভার্ড নেশন’ (এমএফএন) বা সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ হিসেবে গণ্য করে যাবতীয় বাণিজ্যিক সুবিধা জারি রাখা হবে কি না, তা ওই বৈঠকে পর্যালোচনা করে দেখা হবে।
ক্রমাগত কূটনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি ভারত গত সোমবার অভিন্ন সিন্ধু নদের পানি নিয়ে বিদ্যমান চুক্তি পর্যালোচনা করে কয়েকটি ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দেয়। এরপরেই নজর দেওয়া হচ্ছে বাণিজ্যের দিকে।
২০ বছর আগে ১৯৯৬ সালে পাকিস্তানকে ভারত এমএফএনের মর্যাদা দিয়েছিল। বিশ্ব বাণিজ্য সংগঠনের আওতায় শুল্ক ও বাণিজ্য চুক্তি (গ্যাট) সইয়ের পর পাকিস্তানকে ভারত ওই মর্যাদা দিলেও গত ২০ বছরে ভারতকে পাকিস্তান সেই মর্যাদা দেয়নি। সরকারি সূত্রের খবর অনুযায়ী, উরির সেনা ছাউনিতে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের ওপর চাপ বাড়াতে আগামীকাল প্রধানমন্ত্রী এই বিষয়টিও বিবেচনা করে দেখবেন। বৈঠকে পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য অবশ্য দেশের তুলনায় সামান্যই। ভারতীয় বণিক সংগঠন ‘অ্যাসোচ্যাম’-এর হিসাব অনুযায়ী, ২০১৫-১৬ সালে এ দেশের মোট বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল ৬৪১ বিলিয়ন ডলার। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক পরিমাণ ছিল পৌনে তিন বিলিয়নের কম। এই বাণিজ্যের বেশিটা আবার পাকিস্তানে ভারতের রপ্তানি। পাকিস্তান থেকে ভারতের আমদানির পরিমাণ ৫০ কোটি ডলারের কম। কাজেই এমএফএন মর্যাদা প্রত্যাহৃত হলে পাকিস্তানের এমন কিছু আহামরি ক্ষতি হবে না। কিন্তু ভারত যে তিতিবিরক্ত, গোটা বিশ্বকে তা বোঝানো যাবে।
এই সিদ্ধান্তের পাশাপাশি গতকাল পাকিস্তানকে ভারত উরি হামলার আরও কিছু ‘প্রমাণ’ তুলে দিয়েছে। ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর গতকাল মঙ্গলবার পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিতকে আরও একবার ডেকে পাঠান। উরির আক্রমণকারীদের অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে যে দুজনকে স্থানীয় গ্রামবাসী ধরেছে, তাদের নামধাম-পরিচয় বাসিতকে জানানো হয়। বাসিতকে জয়শঙ্কর জানিয়েছেন, ধৃত ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, উরির হামলাকারীরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের লোক।