পাকিস্তানের ওপর ভারতের চাপ এবার সিন্ধুর পানি নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরির সেনাছাউনিতে হামলার পর পাকিস্তানকে চাপে রাখতে সিন্ধু নদ চুক্তিকে এবার হাতিয়ার করতে চলেছে ভারত। গতকাল সোমবার সিন্ধু পানি চুক্তি খতিয়ে দেখার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করেই সেই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, রক্ত ও পানি একই সঙ্গে বইতে পারে না। তবে নিরাপত্তা ও পানি বিশেষজ্ঞরা এই পদক্ষেপের বিষয়ে আপত্তি জানিয়েছেন।
নিজের সরকারি বাসভবনে গতকাল ৫৬ বছরের পুরোনো এই পানি চুক্তির বিভিন্ন দিক পর্যালোচিত হয়। বৈঠক শেষে সরকারি সূত্রে জানা গেছে, চুক্তি রদ না করে চুক্তির মধ্যে থেকে ভারত এই বিপুল পানিসম্পদের পূর্ণ সদ্ব্যবহার করবে। সে জন্য চন্দ্রভাগা নদীর ওপর তিনটি বাঁধ দেওয়ার কাজ দ্রুত শেষ করা হবে। সেগুলো হলো পকুল দুল বাঁধ, সোয়ালকোট বাঁধ ও বুরসর বাঁধ।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে ১৯৬০ সালে এই চুক্তি সম্পাদিত হয়েছিল। চুক্তি অনুযায়ী কাশ্মীরের মোট ছয়টি নদী দুই দেশের মধ্যে ভাগাভাগি হয়। ঠিক হয়, পশ্চিম দিকের তিন নদী সিন্ধু, চন্দ্রভাগা ও ঝিলমের পানি পাকিস্তানে যাবে, পূর্ব প্রান্তের তিন নদী বিপাশা, ইরাবতী ও শতদ্রুর পানি পাবে ভারত। চুক্তি অনুযায়ী, পাকিস্তানে যাওয়া সিন্ধু নদের ২০ শতাংশ পানি ভারত চাষ, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করতে পারে। পাওনা হলেও এত বছরে কখনো ভারত তার দাবি আদায়ে সচেষ্ট হয়নি।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রসচিব এ জয়শঙ্কর, পানিসম্পদসচিব শশী শেখর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নৃপেন্দ্র মিশ্রসহ অন্যান্য কর্মকর্তা।

>১৯৬০ সালে সম্পাদিত চুক্তি অনুযায়ী কাশ্মীরের মোট ছয়টি নদী দুই দেশের মধ্যে ভাগাভাগি হয়। ঠিক হয়, পশ্চিম দিকের তিন নদী সিন্ধু, চন্দ্রভাগা ও ঝিলমের পানি পাকিস্তানে যাবে, পূর্ব প্রান্তের তিন নদী বিপাশা, ইরাবতী ও শতদ্রুর পানি পাবে ভারত।

সরকারি সূত্র জানায়, এই চুক্তি অনুযায়ী ভারত পশ্চিম প্রান্তের তিনটি নদীর পানি ব্যবহার করে মোট ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে।

উরিতে জঙ্গি হানার পর থেকে পাকিস্তানকে ‘যোগ্য জবাব’ দিতে সিন্ধু চুক্তিকে হাতিয়ার করার দাবি হঠাৎই জোরালো হয়ে ওঠে। বিজেপির সাবেক অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী যশোবন্ত সিনহা সিন্ধু চুক্তি রদ করে পাকিস্তানকে ‘পানিতে মারার’ কৌশল গ্রহণের দাবি জানান। কট্টরপন্থীদের এই চাপের মুখেই সিন্ধু চুক্তি নিয়ে সোমবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদি।
প্রাণে না মেরে পাকিস্তানকে পানিতে মারতে একতরফা সিন্ধু চুক্তি রদ করার কোনো বিশেষজ্ঞেরই অবশ্য মত নেই। ভারতের সাবেক সেনাপ্রধান ও সাংসদ জয়ন্ত রায়চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সিন্ধু নিয়ে ভারত যা-ই করুক, চীনের কথাটা মাথায় রাখা দরকার। কাশ্মীরের সব নদীর উৎপত্তি যেমন চীনে, তেমনই ব্রহ্মপুত্রের উৎপত্তিও। চীন আবার পাকিস্তানের পরম মিত্র। সিন্ধুর প্রতিক্রিয়া ব্রহ্মপুত্রের ওপর পড়ে কি না, সেই ভাবনা ভেবেই ভারতের এগোনো উচিত।’ আন্তর্জাতিক নদীবিশেষজ্ঞ কল্যাণ রুদ্র এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘নদীর উজান ও ভাটির দেশের মধ্যে সংঘাত সব দেশে সব সময়েই রয়েছে। কাজেই নদীবিষয়ক কোনো সিদ্ধান্ত কখনো একতরফা হওয়া ঠিক নয়। তাতে সংঘাত বাড়ে। তা ছাড়া সিন্ধু চুক্তি একটা ত্রিপক্ষীয় আন্তর্জাতিক চুক্তি। জাতিসংঘের সনদেও এই জাতীয় আন্তর্জাতিক চুক্তির বিষয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে। এ ক্ষেত্রে আগ্রাসী মনোভাবের কোনো স্থান নেই।’ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি মনে করেন, একতরফাভাবে চুক্তি রদের জন্য কট্টরপন্থীদের চাপ অবাস্তব। এতে ভারতের ভাবমূর্তি নষ্ট হবে।