কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা-সংলগ্ন অন্তত চারটি পাকিস্তানি সীমান্তচৌকিতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে ভারতীয় সেনা কর্তৃপক্ষ। শনিবার তারা বলেছে, ‘ব্যাপক’ এ অভিযানে চৌকিগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে বেশ কয়েকজন পাকিস্তানি সেনাসদস্য হতাহত হয়েছেন।
তবে পাকিস্তানের ডন পত্রিকা জানায়, গতকাল রোববার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) বলেছে, পাকিস্তানি পোস্ট গুঁড়িয়ে দেওয়ার ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের দাবি পুরোপুরি ‘অসত্য’। তবে ‘বিনা উসকানিতে’ ভারতীয় পক্ষের গোলাগুলিতে কার্যকর সীমান্তে পাকিস্তানের চার বেসামরিক লোক আহত হয়েছে। ভারতীয় সীমান্তচৌকিগুলো লক্ষ্য করে হামলার জবাব দিচ্ছে পাকিস্তানি সেনারা।
সূত্র জানায়, ভারতীয় সেনাদের শনিবারের অভিযানে পাকিস্তান পক্ষে প্রায় ২০ জন হতাহত হয়েছে।
ভারতীয় সেনা কর্তৃপক্ষ দাবি করেছে, পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর ভূখণ্ডে তাদের ২৮ সেপ্টেম্বর ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর পর থেকে এ পর্যন্ত নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি সেনারা অন্তত ৪৫ বার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। সর্বশেষ দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সীমান্তের কাঠুয়া এবং আরএস পুরা সেক্টরে শনিবার তারা যুদ্ধবিরতি ভঙ্গ করে। জবাবে ওই দিন রাতে ভারতীয় সেনারা অভিযান চালায়। এরপর পাকিস্তানি সেনারা আবার আরএস পুরা, কেরান ও হিরানগর সেক্টরে গুলি চালায়।
ভারতীয় পক্ষ বলেছে, সীমান্তে গোলাগুলিতে গত এক মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য ও চার সেনাসদস্য নিহত হয়েছেন। এ ছাড়া সীমান্তবর্তী গ্রামগুলোয় চার বেসামরিক লোকও নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছে গত শুক্রবার সন্ত্রাসীরা হামলা চালিয়ে এক ভারতীয় সেনাসদস্যকে হত্যা করে তাঁর অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনার জবাবে ভারতীয় সেনাবাহিনী বলেছিল, ‘এর সমুচিত জবাব দেওয়া হবে।’ সেই সঙ্গে তারা অভিযোগ করেছিল, ওই সন্ত্রাসীরা পাকিস্তানি সেনাবাহিনীর ‘ব্যাপক গোলাগুলির ছত্রচ্ছায়ায়’ পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে পালিয়ে গেছে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং শনিবার বলেন, নিরাপত্তা বাহিনী পাকিস্তানের গুলির সমুচিত জবাব দিচ্ছে। এর আগে বিএসএফ শুক্রবার বলেছিল, তখন পর্যন্ত এক সপ্তাহে ভারতীয় বাহিনীর গোলাগুলিতে ১৫ জন পাকিস্তানি সেনাসদস্য নিহত হয়েছেন। তবে পাকিস্তান এ দাবি অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছে।
বিভিন্ন সূত্র বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ শুক্রবার ভারতের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তবর্তী কয়েকটি গ্রাম পরিদর্শন করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া অভিযোগ করেছেন, চলতি বছর এ পর্যন্ত ভারতীয় সেনারা ৯০ বারের বেশি যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। পাকিস্তান কখনো যুদ্ধবিরতি ভঙ্গ করেনি বলেও দাবি করেছেন তিনি।
ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিএসএফ গতকাল বলেছে, ওয়াগা সীমান্তে এবার তারা দিওয়ালি উপলক্ষে পাকিস্তানি রেঞ্জারদের মিষ্টান্ন পাঠাবেও না, তাদের কাছ থেকে তা নেবেও না।
সেনাবাহিনীর প্রশংসা মোদির: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবারের দিওয়ালি ভারতীয় সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করেছেন। মোদি তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মান কি বাত’-এ গতকাল রোববার বলেন, ‘আমরা শান্তিতে ঘুমাতে পারি, কারণ আপনারা সীমান্ত পাহারা দেন। বিএসএফ, কেন্দ্রীয় পুলিশ বাহিনী (সিআরপিএফ), আসাম রাইফেলস, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি), নৌবাহিনী, বিমানবাহিনী এবং আমাদের সেনারা সদা দায়িত্ব পালন করছে, আমাদের পাহারা দিচ্ছে। আর এ কারণেই আমরা এত আনন্দের সঙ্গে দিওয়ালি উদ্যাপন করতে পারছি।’
এদিকে, ভারতের পুলিশ ও সেনাবাহিনী বলেছে, তারা কাশ্মীরের কুপওয়ারা জেলার কান্ডিতে যৌথ অভিযান শুরু করেছে। কখন এ অভিযান শুরু হয়েছে, তা জানানো হয়নি। তবে ওই এলাকায় দুই বা তিনজন সন্ত্রাসী অবস্থান করছে বলে গোপন খবর পাওয়ার পরই তা শুরু হয় বলে জানানো হয়েছে।