
কাশ্মীর নিয়ে আলোচনার জন্য পাকিস্তানের প্রস্তাব ভারত ফিরিয়ে দিল। তবে সেই সঙ্গে জানাল, সীমান্তপারের সন্ত্রাস নিয়ে আলোচনা করতে পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর যেকোনো সময় ইসলামাবাদ যেতে প্রস্তুত। এদিকে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংসতা অব্যাহত রয়েছে। গতকাল বুধবার বিচ্ছিন্নতাবাদী হামলায় দুই সেনা ও পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।
দুদিন আগে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আইজাজ আহমেদ চৌধুরী ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনার গৌতম বাম্বাওয়ালের হাতে আলোচনার আমন্ত্রণপত্র তুলে দিয়েছিলেন। চিঠিতে সচিব জয়শঙ্করকে অনুরোধ জানানো হয়েছিল, জম্মু-কাশ্মীর সমস্যা নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদে যেতে। গতকাল ভারতের পক্ষ থেকে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলা হয়, জম্মু-কাশ্মীরের সাম্প্রতিক ঘটনাবলি সীমান্তপারের সন্ত্রাসকেই বড় করে তুলে ধরছে। এই মুহূর্তে এটাই প্রকটতর। এ অবস্থা নিয়ে কথা বলতে পাকিস্তান রাজি থাকলে পররাষ্ট্রসচিব ইসলামাবাদে যেতে সব সময় প্রস্তুত।
পাকিস্তানকে এ বিষয়ে ভারত যে চিঠি দিয়েছে, তাতে কাশ্মীর নিয়ে দেশটির যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এ নিয়ে কোনো ধরনের কথা বলার এখতিয়ারই পাকিস্তানের নেই।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর প্রায় দেড় মাস ধরে অশান্ত। তরুণ বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানি হত্যার জেরে সৃষ্ট সহিংসতার কারণে টানা ৪০ দিন সেখানে কারফিউ চলছে। তবু তারই মধ্যে পুলিশ, সেনাসহ বিভিন্ন বাহিনী ও ভারতের শাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। সহিংস বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৭০ জন নিহত হয়েছে। এ পরিস্থিতি নিয়ে ভারতীয় সংসদে সম্প্রতি আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদলীয় বৈঠকও ডাকেন। বৈঠকে ঠিক হয়, পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী যেমন সচেষ্ট হবে, তেমন সরকারও চেষ্টা করবে কাশ্মীরের তরুণ-যুবাদের কাছে পৌঁছাতে। কিন্তু, ১৪ আগস্ট ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত পাকিস্তানের স্বাধীনতা দিবসকে কাশ্মীরের ‘স্বাধীনতা সংগ্রামের’ জন্য উৎসর্গ করায় ভারতের মনোভাব আরও কড়া হয়ে যায়। পরের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাল কেল্লা থেকে দেওয়া স্বাধীনতা দিবসের ভাষণে বেলুচিস্তান, গিলগিট, বালতিস্তানসহ পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের নিপীড়িত মানুষের প্রসঙ্গ তোলেন। সেই দিনই পাকিস্তানের আমন্ত্রণপত্র ভারতের হাতে পৌঁছায়।
বিজেপি সরকারের কাশ্মীরনীতি নিয়ে গতকাল সরব হয়েছে ভারতের রাজনৈতিক দল কংগ্রেস। প্রধানমন্ত্রী বেলুচিস্তান নিয়ে যা বলেছেন, তার রেশ টেনে কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি ও নেতা সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম সরকারের সমালোচনা করেন। অভিষেক বলেছেন, বেলুচিস্তান নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত হয়েও বলা যায়, কাশ্মীর নিয়ে সরকারের কোনো নীতিই নেই। প্রায় দেড় মাস ধরে কারফিউ চলছে। জম্মু-কাশ্মীর রাজ্যের ক্ষমতায় শরিক দল পিডিপি সরাসরি বিজেপির সমালোচনা করছে। সর্বদলীয় বৈঠকে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব দেওয়া হলেও প্রধানমন্ত্রী তা নাকচ করে দেন। বলা হয়েছিল, সরকার সাধারণ মানুষদের পাশে গিয়ে দাঁড়াবে। তরুণদের ক্ষোভ মেটাতে সক্রিয় হবে। অথচ কিছুই সরকার করছে না।
উত্তেজনার মধ্যে গতকাল রাজ্যের বারামুল্লা শহরে বিচ্ছিন্নতাবাদীদের অতর্কিত হামলায় দুই সেনা ও পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। সেখানকার পুলিশের সুপার ইমতিয়াজ হোসেন বলেন, জঙ্গিরা কাশ্মীরের অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়েছে।