পাকিস্তানের সঙ্গে যুদ্ধ সমাধান নয়: সুষমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুষমা স্বরাজ
সুষমা স্বরাজ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ কোনো সমাধান নয়; বরং প্রতিবেশী দেশটির সঙ্গে আলোচনাই ‘সন্ত্রাসবাদের কালো ছায়ার’ সঙ্গে লড়াই করার উপায় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি গত বুধবার দেশের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এ কথা বলেন। খবর ডনের।
লোকসভায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ গণেশ সিং প্রশ্ন করেছিলেন, যুক্তরাষ্ট্র যেভাবে পাকিস্তানে হামলা চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল, সেভাবে পাকিস্তানে অবস্থিত কথিত সন্ত্রাসবাদীদের শিবিরে হামলা চালানোর কোনো চিন্তা ভারতের আছে কি না। এর জবাবে সুষমা স্বরাজ বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমেই সমাধানের পথ খোঁজার চেষ্টা করছি। ৮-৯ ডিসেম্বরের পাকিস্তান সফরে আমরা ঐকমত্যে উপনীত হয়েছি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা অব্যাহত রাখবেন।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত জুলাইতে রাশিয়ার উফায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এক সাক্ষাতের সময় আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, আন্তসীমান্ত সন্ত্রাসবাদ ইস্যুটি ভারত বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তুলেছে।
সুষমা বলেন, ‘প্যারিসে জলবায়ু সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদি ও নওয়াজ শরিফের আলোচনার প্রেক্ষাপটেই দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ৬ ডিসেম্বর ব্যাংককে বৈঠকে বসেন। সেখানে সন্ত্রাসবাদ নিয়ে কথা হয়েছে। তবে এক বৈঠকে সব সমস্যার সমাধান হবে না। তাই আমরা আলোচনা চালিয়ে যাব।’
সন্ত্রাসবাদের বিষয়ে প্রতিবেশী পাকিস্তানকে সতর্ক করে দিয়ে সুষমা স্বরাজ আরও বলেন, ‘আমরা আলোচনায় আগ্রহী। তবে স্পষ্ট করে বলতে চাই, সংলাপ ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না।’