পাকিস্তানের হামলার যোগ্য জবাব দিচ্ছি: রাজনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের অস্ত্রবিরতি লঙ্ঘনের ‘যোগ্য জবাব’ ভারত দিয়ে চলেছে। গতকাল শনিবার রাজধানীতে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সারা দেশ আজ দীপাবলীর উৎসবে মাততে পেরেছে আমাদের সেনাবাহিনী ও বিএসএফ সীমান্ত নিরাপত্তা নিশ্ছিদ্র করতে পেরেছে বলেই। পাকিস্তানিদের গোলাগুলির যোগ্য জবাব তাঁরা দিয়ে চলেছেন।’
গত কিছুদিন ধরেই পাকিস্তান অনবরত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে চলেছে বলে ভারতের অভিযোগ। গত কয়েক দিনের এই আক্রমণে ভারতের চার সেনা ও বিএসএফের তিন জওয়ান নিহত হয়েছেন। গত শুক্রবার জম্মু-কাশ্মীরের মছিল সেক্টরে ‘পাকিস্তান থেকে আসা’ সন্দেহভাজন সন্ত্রাসীরা এক ভারতীয় সেনাকে হত্যা করে তাঁর শরীর ক্ষতবিক্ষত করেছে। রাজনাথ সেই প্রসঙ্গ টেনে বলেন, ‘এই বেয়াদবির যোগ্য জবাবও আমাদের বাহিনী দেবে। দেশবাসীকে আশ্বস্ত করে আমি বলতে পারি, আমরা কারও কাছে মাথা নোয়াব না।’
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, মছিল সেক্টরে ভারতীয় সেনার শরীর ক্ষতবিক্ষত করাটা ‘ব্যাট’-এর কাজ। ব্যাট হলো বর্ডার অ্যাকশন টিম। ভারতের তথ্য অনুযায়ী, এই টিমে সন্ত্রাসীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে পাকিস্তান সেনাবাহিনীর একাংশ।
মছিল সেক্টরে যা হয়েছে তা সেনাদের অধিকার হরণ বলে ভারত মনে করছে। রাজনাথ সিং গতকাল যা বলেছেন, তাতে মনে করা হচ্ছে ভারত আরও জোরদারভাবে পাকিস্তানের এই আচরণের জবাব দেবে।
এলওসিতে গুলিতে নিহত ৩: পাকিস্তানের ডন পত্রিাকা জানায়, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে ভারতীয় সেনাদের গুলিতে এক শিশুসহ তিন বেসামরিক লোক নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। গত শুক্রবার এ প্রাণহানির ঘটনা ঘটে বলে পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে।