পাকিস্তানের 'অবৈধ নিয়ন্ত্রণে' থাকা অংশটি ফেরত পেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, কাশ্মীর নিয়ে একটি ইস্যুই আছে, সেটি হলো পাকিস্তানের ‘অবৈধ নিয়ন্ত্রণে’ থাকা জম্মু ও কাশ্মীরের অংশটি ফেরত পাওয়া। ‘কাশ্মীর দেশভাগের অমীমাংসিত ইস্যু’—পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান রাহিল শরিফের এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার এ কথা বলেন জিতেন্দ্র সিং।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ আবারও বলেছেন, দুই দেশের মধ্যে আলোচনা আবার শুরুর জন্য সূচিতে কাশ্মীর প্রসঙ্গ থাকতেই হবে। খবর ডন ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।
গত রোববার কাশ্মীর নিয়ে মন্তব্যের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরিফ ‘যুদ্ধের জন্য চরম মূল্য দিতে হবে’ বলে ভারতকে হুঁশিয়ারি দেন। আর গতকাল জিতেন্দ্র সিং বলেন, জম্মু ও কাশ্মীর আগেও ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, ভবিষ্যতেও থাকবে।
গতকাল দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় জিতেন্দ্র সিং বলেন, ‘পাকিস্তানের সঙ্গে জম্মু ও কাশ্মীর নিয়ে কোনো আলোচনা যদি হতেই হয়, তবে তা হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে (পিওকে) কেমন করে ভারতকে ফেরত দেওয়া হবে সেটি নিয়ে। ওই অঞ্চলের ফেরত দেওয়া নিয়ে আলোচনা হবে, যা কিনা ৬৫ থেকে ৬৬ বছর ধরে পাকিস্তান অবৈধভাবে দখল করে আছে। পাকিস্তানের দখল করা অংশটি জম্মু ও কাশ্মীরের অবিচ্ছেদ্য অংশ।’
অন্যদিকে গতকাল ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে সারতাজ আজিজ বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যে আলোচনাই হোক; কাশ্মীর তার অবিচ্ছেদ্য অংশ হবে। কাশ্মীর প্রসঙ্গ না থাকলে ভারতের সঙ্গে কোনো আলোচনাই সফল হবে না।’
সারতাজ বলেন, ‘কেউ পাকিস্তানের ওপর হামলার দুঃসাহস দেখাবে না। আর কেউ হামলা করলে তাকে উপযুক্ত জবাব দেওয়া হবে।’
পাকিস্তানের উপদেষ্টা আরও বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানবিরোধী মোর্চা থেকে নির্বাচনে বিজয়ী হয়েছেন। আর এখন দুই দেশের বৈঠকে কী নিয়ে আলোচনা হবে, তা নিয়ে আমাদের নির্দেশনা দিতে চান। আমরা এসব কখনোই মেনে নেব না। দিল্লিকে আমরা এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছি।’