পাচারের সময় ভারতের পশ্চিমবঙ্গে তিন বাংলাদেশি নারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দালাল চক্রের খপ্পরে পড়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া তিন নারীকে আটক করেছে পশ্চিমবঙ্গের গাইঘাটা থানার পুলিশ। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। তাঁদের বাড়ি যশোর জেলার বুড়নপুর এলাকায়।

পুলিশ সূত্র জানা যায়, কাজের প্রলোভন দেখিয়ে তিন বাংলাদেশি নারীকে চোরাই পথে পশ্চিমবঙ্গে নিয়ে যায় দালালেরা। উত্তর ২৪ পরগনার আঙরাইল সীমান্ত দিয়ে তাঁরা ভারতে ঢোকেন। সেখানকার চাঁদপাড়া এলাকার একটি বাড়িতে তাঁদের রাখা হয়। পরে গ্রামবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধারের পর চোরাই পথে ভারতে ঢোকার জন্য আটক করে। তবে দালালেরা পালিয়ে গেছে।

উদ্ধার হওয়া তিনজন বলেছেন, তাঁরা গরিব। দালাল চক্র তাঁদের কাজের প্রলোভন দেখিয়ে চোরাই পথে ভারতে এনেছে।

ওই তিনজনকে গতকাল সোমবার বনগাঁ মহকুমা বিচার বিভাগীয় বিচারকের আদালতে তোলা হয়। তাঁদের ১৪ দিনের জেল হেফাজত দিয়ে কারাগারে পাঠান আদালত।