পাঞ্জাবে আরেক নারী বাসে উৎপীড়নের শিকার
ভারতের পাঞ্জাব রাজ্যে কয়েক দিনের ব্যবধানেই বাসের মধ্যে আরেকজন নারী যৌন পীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কথিত ঘটনাটি ঘটেছে গত রোববার রাজ্যের লুধিয়ানায়। সেই ঘটনার স্থানের দুই ঘণ্টার দূরত্বে মঘা জেলায় গত বুধবার উৎপীড়নের পর এক কিশোরীকে (১৪) বাস থেকে ফেলে হত্যা করা হয়।
রোববারের ঘটনার শিকার নারী অভিযোগ করেছেন, পাশের আসনে বসা এক ব্যক্তি তাঁকে পীড়ন করেন। এ সময় তিনি বাসের চালক ও সহকারীর কাছে অভিযোগ করলেও তাঁরা তাঁকে সাহায্য না করে ওই পুরুষটিকে পালিয়ে যেতে সহায়তা করেন। পরে ওই নারী পুলিশের হেলপলাইনে ফোন করেন।
পুলিশ বাসটি শনাক্ত করে এর চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে। তবে কথিত যৌন নিপীড়ক পলাতক রয়েছে।
বুধবার যে বেসরকারি বাসে যৌন উৎপীড়নের পর এক কিশোরীকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছিল, সেই বাস কোম্পানির অংশীদার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের ছেলে ও সহযোগী সুখবীর সিং বাদল। সরকারি আদেশে ওই কোম্পানির বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ওই বাসের জানালার কাচ ছিল রঙিন। এ ছাড়া তাতে পর্দা লাগানো ছিল, যা আইনবিরোধী। এ ছাড়া কিশোরীকে ফেলে দেওয়ার আগ পর্যন্ত বাসটি বেপরোয়াভাবে চলছিল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সব বেসরকারি পরিবহন কোম্পানির বিরুদ্ধে তদন্তের দাবিতে গতকাল সোমবার বিরোধী দলের হরতাল কর্মসূচি ছিল।
যথাযথ তদন্ত ও বিচারের দাবিতে আত্মীয়রা মৃতদেহ দাহ করতে রাজি না হওয়ায় চার দিন ধরে ওই কিশোরীর লাশ পড়ে ছিল। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বিষয়টি নিজে দেখভাল করবেন—এই প্রতিশ্রুতিতেই পরে অবশ্য তারা সরকারি ক্ষতিপূরণের ৩০ লাখ টাকা গ্রহণ করে এবং লাশ দাহ করে।