পাঞ্জাবে সেনা-পোশাক বিক্রিতে নিষেধাজ্ঞা
ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলার পর রাজ্যের নিরাপত্তা নিয়ে তৎপর হয়ে উঠেছে সেনাবাহিনী। এর অংশ হিসেবে রাজ্যে খোলাবাজারে সেনা-পোশাক বা সাদৃশ্যপূর্ণ পোশাক বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে সামরিক পোশাক কিনতে বা ব্যবহার করতে বারণ করেছে সেনাবাহিনী।
সম্প্রতি পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলা হয়। জঙ্গিরা ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরে ওই হামলায় অংশ নেয়। এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে এমন নিষেধাজ্ঞা এল।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সামরিক পোশাক ছাড়াও সেনাবাহিনীর জুতা, মোজা, ব্যাগ, টুপি ও তাঁবু বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এ ছাড়া বাজারে সেনা-পোশাক সেলাই করার ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। অনুমোদিত দরজি ছাড়া অন্য কোথাও পোশাক সেলাইয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কেউ সেনা-পোশাক সেলাই করতে এলে তার পরিচয় যাচাই করতে বলেছে সেনাবাহিনী।
নিষেধাজ্ঞার জেরে রাজ্যে লাটে উঠেছে সেনা-পোশাক বিক্রির ব্যবসা। স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, এত দিন তাঁরা বিভিন্ন শহর থেকে সেনা-পোশাক আমদানি করতেন। অবসরে যাওয়া সেনারা তাঁদের পোশাক বেচে দিতেন। চাকরিকালে অনেক সেনা তাঁদের বাতিল পোশাকও বেচতেন। ওগুলোই কিনে বিক্রি করতেন ব্যবসায়ীরা। পাঠানকোটে জঙ্গি হামলা তাঁদের ব্যবসায় কোপ বসিয়েছে।
অনেক সেনাসদস্য অবসর নেওয়ার পর তাঁদের সামরিক পোশাক খোলাবাজারে বিক্রি করে দেন। গায়ে না লাগলে তা-ও বিক্রি করেন কেউ কেউ। অনেকে আবার বাইরে দরজির কাছে গিয়ে পোশাক ঠিক করে নেন। এভাবেই সামরিক পোশাক বাইরে আসে।
‘এক্স-সার্ভিসমেন ওয়েলফেয়ার সোসাইটি’র সাধারণ সম্পাদক মেজর এস এস অওলাখ বলেন, সরকারের দেওয়া উর্দি বিক্রি অপরাধ। বিক্রির পর সেটি কার হাতে গিয়ে পড়ছে, তা কেউ বলতে পারে না। আর চাকরির শর্ত অনুযায়ী সরকার সেনাদের দেওয়া উর্দি ফেরতও নেয় না। কিন্তু এখন নিয়ম বদলের সময় এসেছে।