পাঠশালা যায় আদিত্যের সাইকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিত্য কুমার দুই দশকেরও বেশি সময় ধরে ভ্রাম্যমাণ বিদ্যালয়টি পরিচালনা করছেন। ছবি: এএফপি
আদিত্য কুমার দুই দশকেরও বেশি সময় ধরে ভ্রাম্যমাণ বিদ্যালয়টি পরিচালনা করছেন। ছবি: এএফপি

প্রতিদিন পুরোনো সাইকেল নিয়ে বের হন আদিত্য কুমার। সাইকেলের পেছনে থাকে অনেক বই। সেগুলো নিয়ে প্রতিদিন চষে বেড়ান প্রায় ৪০ মাইল। আর এর সবকিছুই তিনি করেন বিনা পয়সায়, ভারতের বস্তির শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে। এভাবে প্রতিদিন সাইকেলে করে আদিত্যের পাঠশালা যায় বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা দিতে। শিশুদের জন্য বিজ্ঞানে স্নাতক এই ব্যক্তির উদ্যোগের গল্প উঠে এসেছে এএফপির এক প্রতিবেদনে।

আদিত্য তাঁর কাজের জায়গা হিসেবে বেছে নিয়েছেন ভারতের উত্তরাঞ্চল লক্ষ্ণৌয়ের বস্তিগুলোকে, যেখানে অধিকার ও সুবিধাবঞ্চিত বহু মানুষের বাস। বস্তির শিশুদের পড়ানোর জন্য তিনি কোনো অর্থ নেন না। এই শিশুদের পাঠদানের জন্য নেই কোনো নির্দিষ্ট স্থান। যেখানে প্রয়োজন মনে করেন, সেখানেই আদিত্য তাঁর সাইকেলটি রাখেন। তারপর বইপত্রসহ প্রয়োজনীয় জিনিস বের করে ছোট্ট শিক্ষার্থীদের পড়াতে শুরু করেন। তিনি জানালেন, ‘এই শিশুরা জানে না স্কুলঘর দেখতে কেমন। আমার সঙ্গে দেখা হওয়ার আগে তারা জানতও না কেন স্কুলে যেতে হবে।’

ছয় থেকে ১৪ বছর বয়সী শিশুদের শিক্ষার ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব—এমন বিধান রেখে ভারতে ২০০৯ সালে শিক্ষা অধিকার আইন পাস হয়। তবে শিক্ষা অধিকার কর্মীরা জানান, বিদ্যালয়গুলোতে ধারণক্ষমতার বেশি শিক্ষার্থী থাকে। আবার এমনও হয়, বাড়ি থেকে অনেক দূরে বিদ্যালয়। এ জন্য শিক্ষার্থীরা সেখানে যেতে পারে না। এর সঙ্গে আছে দারিদ্র্য, যা শিশুশ্রমেরও বড় কারণ।

আদিত্যর বয়স এখন ৪৫ ছুঁই ছুঁই। দুই দশকেরও বেশি সময় ধরে এই ভ্রাম্যমাণ বিদ্যালয়টি পরিচালনা করছেন। তাঁর বিদ্যালয়ের নির্দিষ্ট কোনো পাঠ্যসূচি বা বই নেই। অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১০ বছরের কম। তিনি তাদের ব্যবহারিক ইংরেজি ও গণিত শেখান। একটা পর্যায় পর্যন্ত তাদের শেখানো হয়। সাধারণ শিক্ষার্থীদের মতো নিয়মিত বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের যোগ্য হওয়া পর্যন্ত এই পাঠদান চলে।

আদিত্য তাঁর কাজের জায়গা হিসেবে বেছে নিয়েছেন ভারতের উত্তরাঞ্চল লক্ষ্ণৌয়ের বস্তিগুলোকে, যেখানে অধিকার ও সুবিধাবঞ্চিত বহু মানুষের বাস। বস্তির শিশুদের পড়ানোর জন্য তিনি কোনো অর্থ নেন না। ছবি: এএফপি
আদিত্য তাঁর কাজের জায়গা হিসেবে বেছে নিয়েছেন ভারতের উত্তরাঞ্চল লক্ষ্ণৌয়ের বস্তিগুলোকে, যেখানে অধিকার ও সুবিধাবঞ্চিত বহু মানুষের বাস। বস্তির শিশুদের পড়ানোর জন্য তিনি কোনো অর্থ নেন না। ছবি: এএফপি


দরিদ্র এক শ্রমিকের সন্তান আদিত্য বলেন, ‘এই শিশুদের সঙ্গে আমি নিজের জীবনকে ভালোভাবেই মেলাতে পারি। আমি জানি, এই শিশুদের জীবন কতটা কঠিন।’ পড়াশোনা বাদ দিয়ে বাবা-মা আয়ের জন্য চাপ দিচ্ছিল বলে কিশোর বয়সে তিনি বাড়ি ছেড়ে পালিয়েছিলেন। তারপর কিছুদিন রাস্তায় রাস্তায় থেকেছেন। এরপর এক শিক্ষকের সঙ্গে তাঁর পরিচয় হয়, ওই শিক্ষকই তাঁকে বিজ্ঞান বিষয়ে স্নাতক পর্যন্ত পড়াশোনার ব্যাপারে সহায়তা করেন। গুরুর দক্ষিণা দিতে তিনি বস্তির শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করেন। কিন্তু শিক্ষকতা করার মতো কোনো প্রশিক্ষণ তাঁর ছিল না, এমনকি বিদ্যালয়ের শিক্ষক হওয়ার কোনো বাসনাও তাঁর মনে ছিল না।

আদিত্যের এমন কাজে খুশি তাঁর শিক্ষক ও লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রূপ রেখা ভার্মা। তিনি বলেন, ‘আমি খুব আনন্দিত। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জগতের সঙ্গে পরিচিত করতে যে পরিশ্রম করে যাচ্ছেন, তা প্রশংসনীয়।’

বিনা পয়সায় শিক্ষার আলো ছড়ানো আদিত্য কুমার এই কার্যক্রম চালানোর প্রয়োজনীয় অর্থ জোগাড়ে টিউশনি করেন। তাঁর কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। যেখানে রাত, সেখানেই কাত হয়ে ঘুমিয়ে পড়েন তিনি। এ ব্যাপারে দৃপ্ত কণ্ঠে তিনি বলেন, ‘টিকে থাকার কৌশলটা আমি ভালোই রপ্ত করেছি।’