পাঠানকোট ঘাঁটিতে হামলাকারীদের পরিচয় প্রকাশ করল এনআইএ
পাঠানকোট-হামলায় নিহত পাকিস্তানি সন্ত্রাসীদের পরিচয় প্রকাশ করল ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই চার জঙ্গির নাম-পরিচয়সহ সবকিছু পাকিস্তানি প্রতিনিধিদলের (জেআইটি) হাতে তুলে দিয়েছে সংস্থাটি।
এনআইএর আশা, সীমান্তের ওপার থেকে যারা এই জঙ্গিদের নাশকতায় সাহায্য করে এসেছে, পাক কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তারে উদ্যোগী হবে।
এনআইএর তথ্য অনুযায়ী চার জঙ্গির নাম হলো: নাসির হুসেন, হাফিজ আবু বকর, ওমর ফারুক ও আবদুল কাইয়ুম। এদের মধ্যে দুজনের বাড়ি পাঞ্জাব, বাকি দুজনের বাড়ি সিন্ধু প্রদেশে। এই চারজন যাদের হুকুমে ভারতে এসে পাঠানকোট বিমান ঘাঁটি আক্রমণ করে, তাদের পরিচয়ও এনআইএ প্রকাশ করে জেআইটির হাতে তুলে দেয়।
কীভাবে এই জঙ্গি ও তাদের মূল হোতাদের পরিচয় পাওয়া গেল—এনআইএর মহাপরিচালক শরদ কুমার তা বিস্তারিত জানাতে চাননি। তবে তিনি বলেছেন, গত তিন মাস অক্লান্ত পরিশ্রম ও নানা পর্যায়ে পেশাদারি দক্ষতায় তদন্তের পর এই তথ্য সংগ্রহ করা হয়েছে। শরদ কুমারের কথায়, নিহত জঙ্গিদের পরিচয় চূড়ান্ত। তাদের ছবিও সংস্থার ওয়েবসাইটে দেওয়া হয়েছে যাতে সাধারণেরাও তাদের শনাক্ত করতে পারে।
জঙ্গিদের ‘হ্যান্ডলার’ বা চালকেরাও পাকিস্তানি। তাদের একজনের নাম কাসিফ জান। তিনি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাসিন্দা। অন্যজন শাহিদ লতিফ, বাড়ি পাঞ্জাবের গুজরানওয়ালায়। এনআইএর দাবি, শাহিদ লতিফ ভারতের কাশ্মীরে ধরা পড়ে দশ বছর জেল খেটেছিলেন। তারপর তাঁকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়। শরদ কুমার জানিয়েছেন, জেআইটি সদস্যরা বলেছেন, ভারতীয় পত্র-পত্রিকায় যেদিন থেকে কাসিফের নাম প্রকাশ শুরু করে, তারপর থেকেই তিনি লাপাত্তা।
ভারতের আশা, জেআইটিকে যেমন ভারতে তদন্ত করতে আসার অনুমতি দেওয়া হয়েছে, এনআইএকেও পাকিস্তান সেই সুযোগ দেবে। সেই সুযোগ পেলে ভারত চায় জয়েশ-এ-মোহাম্মদের মাসুদ আজহার ও হাফিজ সাঈদকে জেরা করতে। তবে সেই সুযোগ ভারত পাবে কি না সন্দেহ। নিহত জঙ্গিদের স্বরের নমুনাও জেআইটির হাতে এনআইএ তুলে দিয়েছে। দেওয়া হয়েছে টেলিফোনে কথাবার্তার নমুনাও। জয়েশ-এ-মোহাম্মদকে টাকাকড়ি দিয়ে যে সংস্থা সাহায্য করে, সেই আল রহমত ট্রাস্টে তদন্ত চালানোর জন্য জেআইটিকে বলা হয়েছে।
সরকারি সূত্রের খবর, জেআইটির পক্ষ থেকে ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে ভিসার মেয়াদ দিনকয়েকের জন্য বাড়াতে। যাতে তাঁরা আগ্রা ও আজমীর শরিফ যেতে পারেন। কিন্তু নিরাপত্তার স্বার্থে তা সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় আছে।