পাঠানকোট বিমানঘাঁটি পরিদর্শন করল পাকিস্তানি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কংগ্রেস ও আম আদমি পার্টির প্রবল প্রতিবাদের মধ্যে পাকিস্তানের পাঁচ সদস্যের যৌথ তদন্তকারী দল (জেআইটি) আজ মঙ্গলবার পাঠানকোট বিমান ঘাঁটিতে যায়। বিক্ষোভের দরুন জেআইটি সদস্যদের বিমান ঘাঁটির পেছনের দরজা দিয়ে ঢোকানো হয়।
পাকিস্তানিদের অবশ্য ঘাঁটির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়ে যাওয়া হয়নি। ওই এলাকাগুলোর সামনে বেড়া লাগিয়ে নানা রঙের কাপড় দিয়ে ঢেকে রাখা হয় যাতে বেড়ার ওপাশে কী রয়েছে তা দেখা না যায়।

পাকিস্তান গোয়েন্দা বিভাগ (আইএসআই) ও সেনা গোয়েন্দা বাহিনীর শীর্ষ দুই কর্তাসহ জেআইটির প্রতিনিধিদের আজ দিল্লি থেকে বিশেষ বিমানে অমৃতসর বিমান বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি বাসে করে পুলিশি পাহারায় তাঁদের নিয়ে যাওয়া হয় পাঠানকোট। কিন্তু মূল সদরে বিক্ষোভের কারণে তাঁদের ঢোকানো হয় পেছনের দরজা দিয়ে। যে যে স্থানে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের লড়াই হয়েছিল সেগুলো ঘুরে দেখানো হয়। সীমান্তের যে জায়গা দিয়ে তারা ভারতে ঢুকেছিল, নিয়ে যাওয়া হয় সেখানেও।

হাসপাতালেও নিয়ে যাওয়া হয়, যেখানে মর্গে নিহত সন্ত্রাসীদের মৃতদেহ এখনো রাখা। সন্ত্রাসীদের কাছ থেকে যা কিছু পাওয়া গিয়েছিল দেখানো হয় সে সবও।

এই প্রথম পাকিস্তানের কোনো দল তাদের দেশের মদদে ঘটা সন্ত্রাসী হামলার অভিযোগের তদন্তে ভারতে এল। এবং সেই দলে রয়েছেন আইএসআইয়ের শীর্ষ কর্তা, এ দেশের সন্ত্রাসী হামলার পেছনে যে-সংস্থার হাত থাকার অভিযোগ ভারত বারবার করে আসছে। বিক্ষোভও এই কারণেই। আম আদমি পার্টির নেতৃত্বে ছিলেন দিল্লি সরকারের মন্ত্রী কপিল মিশ্র। জেআইটিকে আসতে দেওয়ার সিদ্ধান্তকে ‘আইএসআই-বিজেপি আঁতাত’ বর্ণনা করে তিনি বলেন, ‘যারা মারছে তাদেরই তদন্ত করতে দেওয়ার সিদ্ধান্ত লজ্জার ও বিরক্তিকর। দেশের জওয়ানদের ঘাতকদের মোদি-সরকার বিরিয়ানি খাওয়াচ্ছেন!’

বিজেপি অবশ্য এই সমালোচনা গায়ে মাখছে না। দলের সভাপতি অমিত শাহ বলেছেন, এই প্রথম পাকিস্তান তদন্তের বিষয়ে সত্যিকারের একটা চেষ্টা করছে ও আগ্রহ দেখিয়েছে। ভারতের আশা, এই প্রক্রিয়ায় পাকিস্তানও একদিন ভারতকে তাদের দেশে তদন্তের সুযোগ দেবে। সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ এর মাথা মাসুদ আজহারকে জেরা করতে পারবে। এত দিন ধরে পাকিস্তানের মদদে সন্ত্রাসী হামলার যেসব অভিযোগ ভারত করে এসেছে, পাকিস্তান সরকার তার একটিরও দায় গ্রহণ করেনি। এবারও যে করবে সেই আশা কংগ্রেস করে না। কংগ্রেস এই সিদ্ধান্তকে হাস্যকর ও অমর্যাদাপূর্ণ বলে জানিয়েছে।