পাঠানকোট বিমানঘাঁটি পরিদর্শন করলেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শনিবার পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটি পরিদর্শন করেছেন। গত শনিবার ওই ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই হামলার পর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যই মোদি আজ পাঠানকোট যান। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলার ঘটনা তিন দিন পর নিয়ন্ত্রণে আনে ভারতীয় বাহিনী। ওই সন্ত্রাসী হামলায় ভারতীয় বাহিনীর সাত সদস্য নিহত হন। নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমণে হামলাকারী ছয়জনের সবাই নিহত হন। ধারণা করা হয়, পাকিস্তানভিত্তিক কট্টরপন্থী সংগঠন জয়েশ-ই-মোহাম্মদ ওই হামলা চালিয়েছে। যদিও কাশ্মীরের জঙ্গি সংগঠন ইউনাইটেড জেহাদ কাউন্সিল এই হামলার দায় স্বীকার করে।
প্রধানমন্ত্রী মোদির পাঠানকোট যাওয়ার আগে গতকাল শুক্রবার ওই বিমানঘাঁটিকে পুরোপুরি সুরক্ষিত বলে ঘোষণা দেয় নিরাপত্তা বাহিনী। এর আগে ওই ঘাঁটিতে যৌথভাবে চিরুনি অভিযান চালান সেনাবাহিনী, বিমানবাহিনী ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) সদস্যরা। সন্ত্রাসী হামলার ঘটনায় আরও কোনো ঘাঁটির ভেতরে আছে কিনা, তা নিশ্চিত হতেই ওই অভিযান চালানো হয়। গত শনিবার হামলার পর তৃতীয় দিনে ঘাঁটির ভেতরে থাকা সর্বশেষ দুই জঙ্গিকে হত্যার পর নিরাপত্তাবাহিনী ওই প্রাথমিক অভিযান শেষ করার ঘোষণা দেয়।
আজ প্রধানমন্ত্রী পরিদর্শনে যাওয়ার আগে গত মঙ্গলবার ওই ঘাঁটি পরিদর্শন করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর।