পাঠানকোটে আরও দুই জঙ্গির মৃত্যু, অভিযান শেষ

ভারতে পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে হামলার পর ঘাঁটি চত্বরে শুরু হওয়া জঙ্গি অভিযান তৃতীয় দিনে শেষ হয়েছে। আজ সোমবার বিকেল নাগাদ সেনানীদের ক্যানটিন গুঁড়িয়ে দেওয়ার পর সেখান থেকে পঞ্চম ও ষষ্ঠ জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়। এরপর ভারতের সরকারি কর্মকর্তারা অভিযান শেষ করার ঘোষণা দেন।
কাশ্মীরের জঙ্গি সংগঠন ইউনাইটেড জেহাদ কাউন্সিল এই হামলার দায় স্বীকার করেছে।
ভারতীয় বাহিনীর অভিযানে ওই ঘাঁটিতে চার জঙ্গি রোববার নিহত হওয়ার পর কোনো কোনো মহল থেকে মনে করা হচ্ছিল অভিযান শেষ হয়েছে। কিন্তু পরে সেখানে আবারও গুলির শব্দ শোনা যায়। তখন ভারতীয় সেনানী, ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) ও বিমানবাহিনীর কমান্ডো বাহিনী গরুড় যৌথ চিরুনি তল্লাশি শুরু করে। এ সময় জানা যায়, সেনানীদের আবাসস্থলে একাধিক জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে। রোববার শেষ রাত থেকে এই জঙ্গিদের নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়। শেষ পর্যন্ত আজ সোমবার বিকেলে জানানো হয়, দুই জঙ্গিরই মৃত্যু হয়েছে। তার আগে সেনানীদের ক্যানটিন গুঁড়িয়ে দেওয়া হয়। দেখা যায়, একজনের দেহ মারাত্মকভাবে পোড়া। দুই জঙ্গির দেহ পাওয়ার পর হেলিকপ্টার তল্লাশি চালানো বন্ধ হয়।
প্রথম থেকেই ধারণা ছিল, দুটি দলে ভাগ হয়ে মোট ৬ জঙ্গি বিমানবাহিনীর ঘাঁটিতে ঢোকে। চারজনের মৃত্যুর পর বাকি ২ জনের খোঁজ না পাওয়ায় সংশয় বাড়ছিল। বিকেল নাগাদ সেই সংশয় দূর হয়।
হামলার পর ভারত সরকার ধারণা করছিল, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ এ জন্য দায়ী। কিন্তু সোমবার কাশ্মীরের জঙ্গি সংগঠন ইউনাইটেড জেহাদ কাউন্সিল এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। এই সংগঠনের নেতা সালাউদ্দিন। তাঁর সঙ্গে পাকিস্তানের যোগাযোগও ঘনিষ্ঠ।