পানি নাই তো ভোটও নাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের গুজরাটে বিধানসভা নির্বাচনে গতকাল শনিবার ভোটগ্রহণ হয়েছে। তবে গজডি গ্রামের একজনও ভোট দিতে যাননি। এই ছবি দেবপুর গ্রামের একটি ভোটকেন্দ্রের। রয়টার্স ফাইল ছবি।
ভারতের গুজরাটে বিধানসভা নির্বাচনে গতকাল শনিবার ভোটগ্রহণ হয়েছে। তবে গজডি গ্রামের একজনও ভোট দিতে যাননি। এই ছবি দেবপুর গ্রামের একটি ভোটকেন্দ্রের। রয়টার্স ফাইল ছবি।

ভারতের গুজরাটের বিধানসভা নির্বাচনে গতকাল শনিবার ভোটের দিন থাকলেও গজডি গ্রামের একজনও ভোট দিতে যাননি। গুজরাটের মোরবি জেলার ওই গ্রামের কোনো ভোটারই গতকাল যাননি ভোটকেন্দ্রে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গিয়ে ভোট চাইলেও মন গলেনি গ্রামবাসীর।

গ্রামবাসীর অভিযোগ, প্রতিটি নির্বাচনের আগে পানি সরবরাহ করা হবে বলে ঘোষণা দেন প্রার্থীরা। তবে নির্বাচনের পর নেতারা ভুলে যান ওই প্রতিশ্রুতি। পানি আর পান না গ্রামবাসী। আর তাই এবার ভোটই বয়কট করলেন তাঁরা। গ্রামবাসীরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন গ্রামে পানি না আসা পর্যন্ত আর কোনো ভোট নয়।

মোরবির জেলা প্রশাসক আই কে প্যাটেল বলেন, প্রশাসন গ্রামবাসীর দাবি শুনে ওই গ্রামে পানি সরবরাহের সিদ্ধান্ত নেয়। কিন্তু ভোটের আগে নির্বাচন আচরণবিধি কার্যকর হওয়ায় জেলা প্রশাসন আর ওই গ্রামে পানি সরবরাহের পাইপ লাইন বসাতে পারেনি। নির্বাচনের পরেই জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।

গতকাল ভারতের গুজরাট বিধানসভার প্রথম দফায় ভোট গ্রহণ শেষ হয়। প্রথম দফায় অনুষ্ঠিত হয়েছে ৮৯ আসনের ভোটগ্রহণ। ভোট পড়েছে ৬৮ শতাংশ। এবার ভোট পড়ার হার গতবারের চেয়ে কম। গত বিধানসভা নির্বাচনে ৭১ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছিল। গুজরাটে বিধানসভার মোট আসন ১৮২টি।