পানিতে থইথই আগরতলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে থইথই আগরতলা
পানিতে থইথই আগরতলা

বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের ত্রিপুরায় গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এর মধ্যেই আগরতলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার সকাল থেকে বর্ষার দাপটে আগরতলায় জারি হয়েছে অঘোষিত কারফিউ। পানিবন্দী হয়ে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর সরকারি আবাসের সামনে বুকসম পানি। স্রোত বইছে অন্যান্য মন্ত্রীদের আবাসনের সামনেও। রাজ্যের বাণিজ্যিক এলাকা বলে পরিচিত শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমহনিতে নৌকা চলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

বাংলাদেশের আখাউড়ামুখী কাটাখালের পানিও বাড়ছে। পাহাড় থেকে পানি নামছে। ফলে কাটাখালের পানি আরও বাড়তে পারে।

আগরতলা আবহাওয়া দপ্তরের আধিকর্তা দিলীপ সাহা মুঠোফোনে প্রথম আলোকে জানান, ‘নিম্নচাপের রেখা উত্তর-পূর্ব ভারতে অবস্থান করছে। বঙ্গোপসাগরেও নিম্নচাপ রয়েছে। এই দুইয়ের প্রভাবে বৃষ্টি হচ্ছে।’ আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কাও ব্যক্ত করেছেন তিনি।

রাজধানীর আশপাশের নিচু এলাকাগুলোতে এর মধ্যেই ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। সদরের মহকুমাশাসক সমিত রায়চৌধুরি প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি খুব খারাপ। ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলা বাহিনীকে উদ্ধারকাজে নামানো হয়েছে। শহরে নামাতে হয়েছে নৌকা। নদী ও কাটাখালের পানি দ্রুতগতিতে বেড়ে চলেছে। পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।’ পরিস্থিতি মোকাবিলা করতে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান মহকুমাশাসক।