আগামী ২০২৫ সালের মধ্যে পানির ঘাটতির মুখে পড়বে ভারত। ঘাটতির এই আশঙ্কার প্রেক্ষাপটে দেশটিতে পানি খাতে বড় ধরনের বিনিয়োগ শুরু হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে দেশটিতে পানি সরবরাহ খাতে ১ হাজার ৩০০ কোটি ডলার বিনিয়োগ হবে বলে ধারণা করা হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
জোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্যহীনতা দেখা দেওয়ায় পানি সরবরাহে ঘাটতি দেখা দেবে বলে এক গবেষণায় জানিয়েছে এভরিথিং অ্যাবাউট ওয়াটার (ই এ ওয়াটার) নামে ভারতের প্রথম সারির একটি পরামর্শক প্রতিষ্ঠান। গবেষণাপত্রে বলা হয়, মানুষের আয় বৃদ্ধি এবং বিভিন্ন পরিষেবা খাত ও শিল্পপ্রতিষ্ঠান বেড়ে যাওয়ায় ব্যক্তি খাতে এবং শিল্পপ্রতিষ্ঠানে পানির চাহিদা ব্যাপক হারে বেড়ে যাচ্ছে।
ভারতে সেচের ৭০ ভাগ এবং গৃহস্থালিতে ব্যবহারের ৮০ ভাগ পানি আসে ভূগর্ভস্থ উৎস থেকে। আর এর ফলে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে।
সমস্যা প্রকট হওয়ায় ভারতে পানি সরবরাহ খাতে বড় আকারের সব বিনিয়োগ নিয়ে অপেক্ষা করছে কানাডা, ইসরায়েল, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র, চীন এবং বেলজিয়ামের বড় বড় কোম্পানি। এই খাতে ১ হাজার ৩০০ কোটি ডলার বিনিয়োগ হবে বলে মনে করা হচ্ছে।
ই এ ওয়াটারের গবেষণায় বলা হয়, পানি খাতে আগামী তিন বছরে ভারতে বিনিয়োগ হবে ১৮ হাজার কোটি রুপি। এসব বিনিয়োগ হবে মূলত অবকাঠামো উন্নয়ন এবং পানি সরবরাহ এবং পানি ব্যবস্থাপনার কাজে। ২০২০ সাল পর্যন্ত শিল্প খাতের পানি নিয়ে সবচেয়ে বেশি বিনিয়োগ হবে। দূষিত পানি পরিশোধন এবং শিল্প খাতের পানি পরিশোধনের পরিমাণ বাড়বে এই সময়ে।
গবেষণায় বলা হয়, ভারতীয় রাজ্যগুলোর মহারাষ্ট্রে সবচেয়ে বেশি বিনিয়োগ হবে। ইতিমধ্যে মহারাষ্ট্রের মুম্বাই এবং পুনেতে ১২টি বিদেশি পানি সরবরাহকারী কোম্পানি কেন্দ্র স্থাপন করেছে। এখন এই রাজ্যে ১ হাজার ২০০-এর বেশি ছোট কোম্পানি পানি সরবরাহ এবং পানি পরিশোধনের কাজে যুক্ত। পুনে এবং নাসিক এলাকায় পানির পাম্প এবং অন্যান্য যন্ত্রাংশের কারখানা ব্যাপক হারে বেড়ে যাচ্ছে।
মুম্বাই এবং পুনে শহরে কেন্দ্রীয় বর্জ্য পানি ব্যবস্থাপনা এবং পানি পুনর্ব্যবহারের জন্য প্রকল্প পরিকল্পনার পর্যায়ে আছে।
পানি সরবরাহের খাত ছাড়াও গঙ্গা নদী পরিষ্কার কর্মসূচির আওতায় কয়েক হাজার কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত এই বিশাল কর্মসূচিতে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে।