পায়চারি করতে করতে কুয়োয়
সাফল্যের পথে অনেক বাধাই যে পেরুতে হবে, ভারতের চেন্নাইয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী এস সুপ্রজার তা ভালোই জানা ছিল। তাই বলে গভীর কুয়োর ভেতর পড়ে যেতে হবে, আর আহত অবস্থায় উদ্ধার হওয়ার চার ঘণ্টার মধ্যে পরীক্ষা দেওয়ার মতো কঠিন বাধাও যে ডিঙোতে হবে, তা কস্মিনকালেও ভাবেনি সে।
আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, চেন্নাইয়ের শহরতলি মাদিপাক্কাম এলাকার মুথু মোহাম্মদ সড়কে সুপ্রজাদের বাড়ি। গতকাল সোমবার ছিল তার রসায়ন পরীক্ষা। পরীক্ষার কয়েক ঘণ্টা আগে ভোর বেলা ঘুম থেকে উঠে বাড়ির পেছনের দিকের উঠোনে পড়তে পড়তে পায়চারি করছিল সে। হঠাৎই বেখেয়ালবশত ৩০ ফুট গভীর কুয়োর ভেতর পড়ে যায় সুপ্রজা। এরপর টানা ৪৫ মিনিট গলা ফাটা আর্তনাদের পর তার ভাইয়ের কানে সে আওয়াজ পৌঁছে। এরপর শুরু হয় তাকে উদ্ধারের তোড়জোড়। ফায়ার সার্ভিসের সদস্যরা শেষমেশ টেনে তোলেন সুপ্রজাকে। ডান পায়ে আঘাত পাওয়া সুপ্রজা এ ঘটনার চার ঘণ্টা পরই পরীক্ষায় অংশ নেয়।
সুপ্রজার বাবা সুব্বিয়াহ জানান, মেয়ে পরীক্ষার হল থেকে বের হওয়ার পরই তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তিনি বলেন, ‘কুয়োর ভেতর সে (সুপ্রজা) তিন ফুট পানির ভেতর ছিল। তাকে যখন টেনে তোলা হয়, তখন সে আধা অচেতন। কিন্তু অল্প সময়ের মধ্যেই তার জ্ঞান ফিরে আসে এবং পরীক্ষার জন্য প্রস্তুত হয়।’