ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, পারলে ভারত থেকে গরুর মাংস রপ্তানি বন্ধ করুন। গরু-গুজবে এ রাজ্যেই গত সোমবার মোহাম্মদ ইকলাখ নামের পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা হয়। খবর এনডিটিভির।
অখিলেশ গতকাল শুক্রবার লক্ষ্ণৌতে এক অনুষ্ঠানে বলেন, কিছু শক্তি ভারতের ধর্মনিরপেক্ষ পরিবেশকে কলুষিত করতে চাইছে। নানা অজুহাতে তারা পরিবেশকে নষ্ট করতে চায়। তিনি প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ করে বলেন, ‘আপনি এখন সরকারে আছেন। তাই পারলে গরু রপ্তানি বন্ধ করুন। এ রপ্তানি বন্ধ করতে সমর্থন তৈরি করুন আপনারা।’
গত লোকসভা নির্বাচনের প্রচারে তৎকালীন ইউপিএ সরকারকে গরু রপ্তানি করার জন্য দুষেছিলেন মোদি।
উত্তর প্রদেশের দাদরি এলাকায় সোমবার রাতে ইকলাখকে হত্যা করা হয়। ওই ঘটনার ঘণ্টা খানেক আগে একটি গরু হারিয়ে গেছে বলে গুজব রটিয়ে বলা হয়, হারিয়ে যাওয়া গরুকে জবাই করা হয়েছে। পরে ইকলাখের পরিবারের ওপর হামলা হয়। হামলায় ইকলাখের ছেলে গুরুতর আহত হন। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।