পারিবারিক কারণেই পদত্যাগ: নাজিব জং
দিল্লির বিদায়ী উপরাজ্যপাল নাজিব জং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কখনোই তাঁকে ইস্তফা দিতে বলেননি। বরং তাঁকে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলেছিলেন।
আম আদমি পার্টি (এএপি) দিল্লির ক্ষমতা দখলের পর থেকেই নাজিব জংয়ের সঙ্গে তাদের সব বিষয়ে খটমট লেগে ছিল।
ইস্তফা দেওয়ার পরদিন শুক্রবার সংবাদমাধ্যমকে নাজিব জং জানিয়েছেন, তিনি চাইছিলেন পড়াশোনার জগতে ফেরত যেতে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নাজিব জং আচমকাই দিল্লির উপরাজ্যপাল পদে ইস্তফা দেন। মেয়াদ শেষ হতে তাঁর আরও দুই বছর বাকি ছিল।
এএপির সঙ্গে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজিব জংয়ের সম্পর্কের এতটাই অবনতি হয় যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশেই তিনি নির্বাচিত সরকারের বিরুদ্ধাচরণ করছেন। নাজিব জংয়ের ইস্তফায় সেই মুখ্যমন্ত্রীও বিস্মিত। তবে ইস্তফা দেওয়ার কারণ আদৌ রাজনৈতিক নয় জানিয়ে নাজিব জং সংবাদমাধ্যমকে বলেছেন, উপরাজ্যপাল হিসেবে তিনি একেবারেই ছুটি পেতেন না। ৯৫ বছর বয়সী মাসহ পরিবারকে আরও সময় দিতে চান। সবচেয়ে বেশি চান লেখাপড়ার জগতে ফিরে যেতে।