পার্ক স্ট্রিটে ধর্ষণ মামলায় তিনজন দোষী সাব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার পার্ক স্ট্রিটে আলোচিত গণধর্ষণের ঘটনার প্রায় চার বছর পর অভিযুক্ত পাঁচজনের মধ্যে তিনজনকে কলকাতার একটি আদালত দোষী সাব্যস্ত করেছেন। তবে ওই ঘটনায় প্রধান অভিযুক্ত কাদের খান ও আলী এখনো পলাতক রয়েছেন। খবর এনডিটিভির।

অতিরিক্ত দায়রা জজ চিরঞ্জীব ভট্টাচার্য রুমন খান, নাসের খান ও সুমিত বাজাজকে গণধর্ষণের ঘটনায় অপরাধী বলে রায় দেন। আজ শুক্রবার তাঁদের বিরুদ্ধে দণ্ডাদেশ ঘোষণা করার কথা। ওই ঘটনার পলাতক দুই আসামির বিরুদ্ধে জারি রয়েছে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ।
২০১২ সালের ৫ ফেব্রুয়ারি রাতে পার্ক স্ট্রিটে গণধর্ষণের শিকার হন ৩৭ বছর বয়সী সুজেট জর্ডন। 
ধর্ষণের শিকার ব্যক্তিরা যেন ঘটনা চেপে না যান সেজন্য জনসমক্ষে নিজ পরিচয় প্রকাশ করেছিলেন সুজেট জর্ডন। কিন্তু আদালতের বিচারের রায় আর দেখা হলো না তাঁর। চলতি বছরের মার্চ মাসে মস্তিষ্কে প্রদাহজনিত কারণে সুজেট জর্ডন মারা যান।