পার্লামেন্টের কার্যক্রম বিঘ্নিত হওয়ায় প্রণব মুখার্জির অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পার্লামেন্টের কার্যক্রমে বিঘ্ন ঘটায় অসন্তোষ প্রকাশ করলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ৬৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ প্রতিক্রিয়া জানান। প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ভারতবিরোধী শক্তির হাতে ব্যবহৃত না হতে দিতেও সতর্ক করে দেন তিনি। খবর পিটিআইয়ের।
প্রণব মুখার্জি ভাষণে বলেন, ‘আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো চাপের মধ্যে রয়েছে। পার্লামেন্ট একটি বিতর্কের স্থানের পরিবর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এ রকম চাপের মুখোমুখি হওয়ায় জনগণ এবং রাজনৈতিক দলগুলোর জন্য গুরুতর চিন্তার সময় এসেছে। অভ্যন্তর থেকেই সংশোধনমূলক পদক্ষেপ আসতে হবে।’
রাষ্ট্রপতি প্রণব আরও বলেন, বিশ্বব্যাপী এগিয়ে যাওয়ার পাশাপাশি ভারত তার নিকট প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে। এটা উৎসাহব্যঞ্জক যে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা স্থলসীমান্ত সমস্যার বিষয়টি অবশেষে নিষ্পত্তি হয়েছে।