পাল্টা আক্রমণে বিজেপি
সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টার ‘অপরাধে’ ভারতের সরকারের পক্ষ থেকে এবার সোনিয়া গান্ধীর ক্ষমা চাওয়ার দাবি জানানো হলো। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল সোমবার সংবাদমাধ্যমকে বলেন, কংগ্রেসের যেসব নেতা বারবার সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা চালাচ্ছেন, তাদের অপমান করছেন—সোনিয়া গান্ধী নিজেই তার নিন্দা করে ক্ষমা চান।
কংগ্রেসের নেত্রী ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সাবেক সাংসদ সন্দীপ দীক্ষিত সম্প্রতি কাশ্মীর পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের মন্তব্যের সমালোচনা করে বলেন, ‘আমাদের সেনাবাহিনী পাকিস্তানের মতো মাফিয়া বাহিনী নয় যে সেনাপ্রধান রাস্তার গুন্ডাদের মতো কথাবার্তা বলবেন।’
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কমিটি: আসন্ন নির্বাচন নিয়ে বিরোধীদের সঙ্গে কথা বলে মতৈক্যে পৌঁছানোর চেষ্টায় বিজেপি তিন সদস্যের কমিটি গঠন করল। গতকাল বিজেপির সভাপতি অমিত শাহ এই কমিটি গঠন করে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি ও তথ্য সম্প্রচারমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু কংগ্রেসসহ সব বিরোধী দলের সঙ্গে কথা বলবেন।