নোট-বিতর্কে এবার সরাসরি বিরোধীদের আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, যাঁরা বিরোধিতা করছেন তাঁরা তা করছেন নিজেরা প্রস্তুতির সময় পাননি বলেই। সরকার নোট বাতিলের জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছিল কি না সেটা নিয়ে তাঁদের আদৌ মাথাব্যথা নেই।
গতকাল শুক্রবার সকালে সংসদ ভবন চত্বরে সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী নেতারা। সংসদের উভয় কক্ষে তাঁরা দাবি জানান, এই মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে সংসদের কক্ষে এসে ক্ষমা চাইতে হবে। দুই কক্ষের অধিবেশন এই কারণে বারবার মুলতবি হয়ে যায়। সন্দেহ নেই, নোট বাতিল নিয়ে উদ্ভূত পরিস্থিতি প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর আরও জটিল হলো।
বৃহস্পতিবার পর্যন্ত বিরোধীদের দাবি ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংসদে এসে নোট বাতিল বিতর্কে অংশ নিতে হবে। সেদিনই প্রধানমন্ত্রী সামান্য সময়ের জন্য রাজ্যসভায় এলেও তাঁর গতকালের মন্তব্য বিরোধীদের মনোভাব আরও কঠিন করে তুলেছে। তাঁদের বক্তব্য, প্রধানমন্ত্রী সরাসরি বিরোধীদের কালোটাকার কারবারি বলেছেন। এ জন্য তাঁকে সংসদে এসে ক্ষমা চাইতে হবে।
নোট বাতিল নিয়ে বিরোধীদের বক্তব্য, সরকার আরও প্রস্তুতি নিয়ে এই সিদ্ধান্ত নিলে সাধারণ মানুষদের এই ভোগান্তি সহ্য করতে হতো না। বৃহস্পতিবার রাজ্যসভায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সরাসরি বলেন, এই সিদ্ধান্ত ‘পাহাড় প্রমাণ অব্যবস্থা ও সংগঠিত আইনসিদ্ধ লুটতরাজ’।
প্রধানত এই সমালোচনার জবাব দিতে গিয়েই মোদি যা বলেন তার মোদ্দা কথা, সরকারের প্রস্তুতি নিয়ে বিরোধীরা মোটেই ভাবিত নয়। তাঁদের আসল চিন্তা নিজেদের কালোটাকার সদ্গতি করার মতো সময় তাঁরা পাননি।
আর মোদির এ বক্তব্যই বিরোধীদের ক্ষিপ্ত করে তোলে। রাজ্যসভায় কংগ্রেসের নেতা গোলাম নবী আজাদ বলেন, প্রধানমন্ত্রী যা বলেছেন তাতে এটা দাঁড়ায় যে বিরোধীরা কালোটাকাকে সমর্থন করছেন। তাঁকে এর প্রমাণ দিতে হবে। বহুজন নেত্রী মায়াবতী বলেন, প্রধানমন্ত্রীকে বলতে হবে, কোন কোন বিরোধী দলের কাছে কালোটাকা রয়েছে।
নরেন্দ্র মোদি গতকাল পাঞ্জাবে এক অনুষ্ঠানেও কালোটাকা প্রসঙ্গ তোলেন। মনমোহন সিংয়ের সমালোচনার জবাবে তিনি বলেন, ‘দেশ পাল্টাচ্ছে। দিনকালও পাল্টাচ্ছে। মুঠোফোন ক্রমশই ব্যাংকের ভূমিকা নিচ্ছে। পকেটে টাকা নিয়ে ঘোরার দিন চলে যাচ্ছে।