পাল্টা হামলা ঠেকাতে প্রস্তুত ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযানের প্রত্যুত্তর পাকিস্তান দেবে বলে ধারণা করছে ভারত। এ জন্য সীমান্ত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে জোর কদমে।

বৃহস্পতিবারের সেই সফল ‘সার্জিক্যাল স্ট্রাইক’ সাত-সাতটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। ভারতের সেনাবাহিনীর দাবি অনুযায়ী, মৃত্যু হয় ৩৫-৪০ জন সন্ত্রাসীর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধারণা, গত বৃহস্পতিবারের অতর্কিত অভিযানের ধাক্কা সামলিয়ে পাকিস্তান প্রত্যুত্তর একটা দেবেই। সে জন্য ভারত প্রস্তুত। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাবাহিনীর ধারণা, সার্জিক্যাল স্ট্রাইক যাকে সবচেয়ে বেইজ্জত করেছে, সেই পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ মেয়াদ শেষের আগে প্রত্যাঘাত হানার একটা চেষ্টা করবেন। রাহিলের মেয়াদ শেষ হচ্ছে আগামী নভেম্বরে।

এদিকে সার্জিক্যাল স্ট্রাইকের পর এই সীমান্ত অঞ্চলের জীবনযাত্রাও বদলে গেছে। জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখার ধারের গ্রামগুলো কয়েক দিন ধরে খালি করে দেওয়া হচ্ছে। পাঞ্জাবের সাতটি সীমান্তবর্তী জেলায়ও এই কাজ চলছে। সীমান্ত থেকে ১০ কিলোমিটার পর্যন্ত যাদের বাস, তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। আশ্রয়প্রার্থীদের জন্য শিবিরও খোলা হয়েছে। ভালো বর্ষা হওয়ায় পাঞ্জাব ও কাশ্মীরে এবার ভালো ফসল হয়েছে। কাজেই মাঠের ফসল মাঠে রেখে গৃহত্যাগে বহু পরিবারেরই আপত্তি তীব্র। কিন্তু সরকারি নির্দেশে প্রশাসন নিরাপত্তাজনিত কারণে গ্রামবাসীদের সরিয়ে দেওয়ার কাজ জোর কদমে চালাচ্ছে। সেনা ও প্রশাসন গ্রামবাসীদের ফসল রক্ষার আশ্বাস দিচ্ছে। সরকারি সূত্রের খবর, প্রয়োজনে কৃষকদের ক্ষতিপূরণের বিষয়টি কেন্দ্র ও রাজ্য সরকার বিবেচনা করবে।

গতকাল শনিবার ভারতের সেনাপ্রধান জেনারেল দলবীর সিং কাশ্মীরে গেছেন। গতকাল তিনি উধমপুরে সেনাবাহিনীর নর্দান কমান্ডের সদর দপ্তরে পৌঁছান। পাকিস্তাননিয়ন্ত্রিত এলাকার জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তাঁর এই সফর। ভারতের সেই সফল সামরিক অভিযান যারা চালিয়েছিল, সেই বিশেষ বাহিনীর সঙ্গেও সেনাপ্রধান কথা বলবেন। সেনা সূত্রের খবর, আগামী কয়েক দিনে তিনি নিয়ন্ত্রণরেখার বেশ কয়েকটি ‘ফরোয়ার্ড বেস’ও পরিদর্শন করবেন। নর্দান কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুডার সঙ্গেও তাঁর বৈঠক হবে।

জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার মোট দৈর্ঘ্য ৭৪০ কিলোমিটার। এর মধ্যে ভারত নিজের গরজে ও খরচে ৫৫০ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দিয়েছে। এই বেড়া বরাবর ভারত আলোও লাগিয়েছে, যাতে রাতের অন্ধকারে অনুপ্রবেশ রোখা যায়। কিন্তু তা সত্ত্বেও প্রতিবছর শয়ে শয়ে প্রশিক্ষিত জঙ্গি নিয়ন্ত্রণরেখার ওপাশ থেকে ভারতে ঢোকে বলে ভারতের পক্ষ থেকে অভিযোগ রয়েছে। নিয়ন্ত্রণরেখায় নজরদারি বাড়াতে আরও কী কী করা প্রয়োজন, দলবীর সিং সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করবেন। ইতিমধ্যেই গোটা পশ্চিম সীমান্তে অতিরিক্ত সেনা ও সীমান্ত নিরাপত্তারক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে।

দলবীর সিংয়ের এই সফরের দিনই নিয়ন্ত্রণরেখা বরাবর আখনুর সেক্টরে পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে। সেনাবাহিনী সূত্রের দাবি, গতকাল ভোরে জরিয়ান ও পাল্লানওয়ালায় পাকিস্তানি বাহিনী মর্টার ও মেশিনগানের গুলি ছোড়ে। ভারতীয়রাও তার প্রত্যুত্তর দেয়। এই হানায় ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো আসেনি।