পিছু হটল মোদি সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল গান্ধী
রাহুল গান্ধী

প্রবল প্রতিরোধের মুখে পিছু হটল ভারতের মোদি সরকার। প্রত্যাহৃত হলো কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের ওপর কর প্রস্তাব। গতকাল মঙ্গলবার লোকসভায় এক বিবৃতিতে অর্থমন্ত্রী অরুণ জেটলি এই কর প্রস্তাব প্রত্যাহারের কথা জানান। সরকারি এই সিদ্ধান্তের কথা জানার পর কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী বলেন, তাঁর চাপেই সরকারকে পিছু হটতে হলো।

ফেব্রুয়ারি মাসের শেষ দিনে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী অরুণ জেটলি ওই কর প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী, আগামী অর্থবছর থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) জমা পড়া অর্থ তুলতে গেলে কর দিতে হবে। ৪০ শতাংশ অর্থ করমুক্ত থাকবে, ৬০ শতাংশের ওপর কর দিতে হবে। অর্থমন্ত্রীর এই প্রস্তাবের বিরোধিতা সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায়। বিভিন্ন রাজনৈতিক দল ও ট্রেড ইউনিয়ন এই প্রস্তাবের বিরোধিতা করে। এমনকি বিরোধিতা আসে বিজেপি থেকেও। প্রবল বিরোধিতার মুখে অর্থ মন্ত্রণালয় থেকে প্রথমে বলা হয়, ৬০ শতাংশের সুদের ওপর কর দিতে হবে। তাতেও বিক্ষোভ প্রশমিত না হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শনিবার অর্থমন্ত্রীকে বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেন। জেটলি প্রস্তাবটি প্রত্যাহার করে বলেন, সরকার গোটা বিষয়টি সার্বিকভাবে পর্যালোচনা করে দেখবে।

সারা ভারতে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের মোট গ্রাহক চার কোটির কিছু কম। সরকারি বা বেসরকারি সংস্থায় প্রধানত যাঁরা স্থায়ী পদে কাজ করেন, তাঁরাই ইপিএফের আওতায় পড়েন। বেতনভোগী এই সাধারণ মানুষদের ওপর করের বাড়তি বোঝা চাপানোর সিদ্ধান্ত অর্থমন্ত্রী কেন নিয়েছিলেন তাই অনেকের কাছে প্রথম বিস্ময়। অরুণ জেটলির ব্যাখ্যা, দেশের সব মানুষকে পেনশনের আওতায় আনার তাগিদেই এই সিদ্ধান্ত। সেই ব্যাখ্যা যে চাকরিজীবী মধ্যবিত্তকে সন্তুষ্ট করেনি, একেবারে প্রথম দিন থেকেই তার প্রমাণ পাওয়া যায়। সরকারের মিত্র রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) ও বিজেপি প্রভাবিত ট্রেড ইউনিয়ন ভারতীয় মজদুর সংঘও এই প্রস্তাবের বিরোধিতা করে।

সিদ্ধান্তটি সরকারের ফিরিয়ে নেওয়ার কথা শুনে রাহুল গান্ধী বলেন, ‘আমার চাপে কাজ হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে মধ্যবিত্ত মানুষদের ঘাড়ে বাড়তি বোঝা চাপত। আমি তাই চাপ সৃষ্টি করি।’

জেটলির প্রস্তাব পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা ভোটে বিশেষ করে মধ্যবিত্তের মনে নিশ্চিতভাবেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করত। জেটলির যুক্তি ছিল, প্রায় চার কোটি বেতনভোগীর মধ্যে মাত্র ৬০ লাখ এই করের আওতায় আসতেন। তিনি তাঁদেরই কর দিতে বাধ্য করতেন যাঁরা উচ্চ আয়ের মানুষ এবং ইপিএফের সুযোগ নিয়ে যাঁরা কর ফাঁকি দেন। কিন্তু প্রধানমন্ত্রী কোনো ঝুঁকি নিতে চাননি। বিরোধিতা আসে আসাম থেকেও, যে রাজ্যে কংগ্রেসকে হটিয়ে বিজেপির ক্ষমতায় আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।