পিতা-পুত্রের শিকলে বাঁধা জীবন

ভারতের মধ্যপ্রদেশের নরসিংহপুরের ছোট্ট একটি বাড়ি। বাড়ির উঠানে গরু বাঁধা থাকে। গরুটির সঙ্গে মাঝেমধ্যে শিকলে বাঁধা থাকে চুরামান কৌরভ ও তার ছেলে। তারা দুজনেই মানসিকভাবে অসুস্থ। এভাবে পার হয়েছে এক দশকের বেশি সময়।
এনডিটিভির খবরে জানানো হয়, চুরামানের বড় ছেলে দীনেশ কৌরভ বলেছেন, ১০ বছর ধরে তাঁদের এভাবে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। শোবার ঘর থেকে মাঝেমধ্যে বের করে উঠানে আনা হয়।
দীনেশ প্রতি মাসে হাজার তিনেক রুপি আয় করেন। এই অর্থ দিয়ে তাঁকে সাতজনের সংসার চালাতে হয়। তাই মানসিকভাবে অসুস্থ বাবা ও ভাইয়ের চিকিত্সা করাতে পারেননি তিনি।
দীনেশ কৌরভ বলেন, তাঁর বাবা ও ভাইকে শিকল দিয়ে বেঁধে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। বেঁধে না রাখলে তাঁরা নিজেদের মধ্যে মারামারি করতে পারেন। আঘাত করতে পারেন অন্যকেও।
আর্থিক সহায়তার জন্য দীনেশ কৌরভ স্থানীয় প্রশাসনের কাছে গিয়েছিলেন। কিন্তু প্রশাসন কোনো সাহায্য করেনি।
দীনেশ বলেন, এর আগে জব্বলপুর ও গোয়ালিয়রের সরকারি হাসপাতালে তিনি বাবা ও ভাইকে নিয়ে চিকিত্সা করানোর চেষ্টা করেন। হাসপাতালের তহবিল শেষ হয়ে যাওয়ায় তাঁদের আর চিকিত্সা দেওয়া যায়নি।
স্থানীয় কর সংগ্রহকারী (ট্যাক্স কালেক্টর) রাজেশ শাহ বলেন, ‘পরিবারটি আমাদের কাছে সাহায্যের জন্য এসেছিল। তাদের তালিকাভুক্ত করা হয়েছে।’
মধ্যপ্রদেশের বেসরকারি সংস্থা সেবা ধাম জানায়, বুধবার তারা ওই বাড়িতে যাবে। সেখান থেকে মানসিকভাবে অসুস্থ ওই দুই ব্যক্তিকে সেবা ধামের আশ্রমে নিয়ে যাওয়া হবে।