পিত্তথলিতে ১২ হাজার পাথর!
ভারতের কলকাতায় পঞ্চাশোর্ধ্ব এক নারীর পিত্তথলি থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ১১ হাজার ৯৫০টি পাথর উদ্ধারের দাবি করেছেন চিকিৎসকেরা।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার টালিগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে মিনতি মণ্ডল নামে এক নারীর পিত্তথলিতে অস্ত্রোপচার করে ওই পাথর উদ্ধার করা হয়। মিনতির বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
এই অস্ত্রোপচারে নেতৃত্ব দেন চিকিৎসক মাখনলাল সাহা। পরে তিনি সাংবাদিকদের বলেন, ১১ হাজারের বেশি পাথর পিত্তথলি থেকে বের করার নজির চিকিৎসা শাস্ত্রে নেই।
মিনতি মণ্ডল বলেন, বেশ কিছুদিন ধরে তাঁর পেটে ব্যথা হচ্ছিল। স্থানীয় চিকিৎসক তাঁকে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে দেন। তিন-চার দিন আগে তাঁর পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলে কলকাতার পিজি হাসপাতালের চিকিৎসক মাখনলাল সাহার কাছে যান তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসকেরা জানান, প্রায় এক ঘণ্টা ধরে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে পাথরগুলো বের করা হয়৷ পাথরগুলো গুনতে চার ঘণ্টার মতো লেগেছে। রোগিণী এখন বিপদমুক্ত।
চিকিৎসকদের ভাষ্য, যুক্তরাজ্যে এক নারীর পিত্তথলি থেকে ৩ হাজার ১১০টি পাথর বের করার নজির আছে। সেটি ছিল একটি বিশ্ব রেকর্ড। আর তা ভেঙে দিয়েছে কলকাতার সবশেষ এই ঘটনা।