বাড়তে থাকা ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদ জানিয়ে ভারতে বিভিন্ন ভাষার লেখকদের সরকারি-বেসরকারি খেতাব ও পুরস্কার ফেরত দেওয়া অব্যাহত আছে। এর মধ্যে গুজরাটি লেখক গণেশ দেবী অভিযোগ করলেন, পুরস্কার ফিরিয়ে দেওয়ার পর তিনি পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন।
ভারতজুড়ে লেখকদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার হিড়িকের এ সময়ে ব্যতিক্রম শুধু পশ্চিমবঙ্গের সাহিত্যিককুল। পুরস্কার ফিরিয়ে না দিলেও গত বুধবার রাজ্যের শতাধিক কবি-সাহিত্যিক অবশ্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে এক স্মারকলিপি পাঠিয়েছেন। এতে তাঁরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সরকার যাতে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেয় সেই নির্দেশ যেন তিনি দেন।
গণেশ দেবী ১৯৯২ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পান। গত রোববার তিনি সেই পুরস্কার ফিরিয়ে দেন। সংবাদভিত্তিক ওয়েবসাইট স্ক্রল ডট ইনকে পাঠানো ই-মেইল বার্তায় গণেশ দেবী জানান, পুরস্কার ফিরিয়ে দেওয়ার পরদিনই গত সোমবার পরিদর্শক পদমর্যাদার এক পুলিশ তাঁর ভাদোদারার বাসায় যান। তিনি এবং লেখকেরা কেন পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন তার কারণ জানতে চান ওই পরিদর্শক। পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘটনাগুলো কোনো সংগঠিত আন্দোলনের অংশ কি না এবং এর পেছনে কারও ইন্ধন আছে কি না, সে প্রশ্নও করেন ওই পরিদর্শক।
গণেশ দেবী তাঁর বার্তায় বলেন, ‘আমি ওই পুলিশ কর্মকর্তাকে বলেছি, পুরস্কার ফিরিয়ে দেওয়াটা সংঘবদ্ধ কোনো আন্দোলনের অংশ নয়। আর এর পেছনে কারও ইন্ধনও নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই আমার কাছে এসেছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।’
সম্মাননা ফেরত দিলেন ৪১ লেখকএদিকে বিভিন্ন ভাষার লেখকেরা পুরস্কার-পদবি ফিরিয়ে দিলেও অধিকাংশ বাঙালি লেখক-কবি কেন চলতি হাওয়ার পন্থী হয়ে সম্মান ফেরানোর পঙ্ক্তিতে বসলেন না, সেই প্রশ্ন বিভিন্ন মহলে উঠছে। বাঙালি কবি মন্দাক্রান্তা সেন সাহিত্য আকাদেমির পুরস্কার ফিরিয়ে দিলেও তিনি কেন তা করলেন না, সেই প্রশ্নের জবাবে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘পুরস্কার ফেরানো যায় না। আমি বিজেপি আমলে পুরস্কার পাইনি। তা ছাড়া কাকে ফেরত দেব? কী ফেরত দেব? একটা পদক? পুরস্কার পাওয়ার পর যে খ্যাতি, সুযোগ-সুবিধা পেয়েছি, তা কী করে ফেরত দেব?’ একই যুক্তি সাহিত্যিক সমরেশ মজুমদারের। তিনি বলেন, ‘সাহিত্য আকাদেমির সঙ্গে সরকারের কোনো সংযোগই নেই। পুরস্কারের জন্য আমার উপন্যাস কালবেলা বিক্রি হয়েছে ১ লাখ ৬০ হাজার কপি। প্রচুর রয়্যালটি পেয়েছি। কী করে সেই টাকা ফেরত দেব? কাকে ফেরত দেব? যে সম্মান, ভালোবাসা পেয়েছি, তা কাকে ফেরত দেব?’ শীর্ষেন্দু মনে করেন, সিদ্ধান্ত নিতান্তই ব্যক্তিগত বিষয়। সমরেশ মনে করেন, এটা হিন্দি সিনেমার মতো চটজলদি জনপ্রিয়তা পাওয়ার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদিও দুই সাহিত্যিকই মনে করেন, যে বিষয়টি উত্থাপিত হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে একটা জ্বলন্ত বিষয়। দুজনেই মনে করেন, ভারতের বহুত্ববাদী চরিত্রই তার বৈশিষ্ট্য। শীর্ষেন্দু বলেন, প্রধানমন্ত্রীর উচিত ছিল ইকলাখ-হত্যা অথবা এই ধরনের সহিংসতার পরপরই অত্যন্ত কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করা। প্রধানমন্ত্রী কিন্তু দেশের সংখ্যালঘুদেরও ভোট পেয়েছেন। তাঁর মনে রাখা উচিত, এই ধরনের ঘটনার প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে না দিলে আন্তর্জাতিক সম্পর্কেরও অবনতি হতে পারে।
কবি সুবোধ সরকার প্রথম আলোকে বলেন, ‘যাঁরা সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন এবং যাঁরা পাননি, তাঁদের বাইরেও অনেক বড় লেখক-লেখিকা আছেন। আমরা সবাই অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদের চরিত্র আলাদা হতে পারে কিন্তু লক্ষ্য এক।’
অসহিষ্ণুতার বিরুদ্ধে ক্রমাগত প্রতিবাদ বা সমালোচনাকে বিশেষ গ্রাহ্য করছে না বিজেপি। অর্থমন্ত্রী অরুণ জেটলি তাঁর ব্লগে এই বিষয়ে যা লিখেছেন তার মূল কথা, প্রতিবাদীরা আদর্শগতভাবে বিজেপিবিরোধী। তাই তাঁরা একটা সংকট সৃষ্টি করে আদর্শগতভাবে বিজেপির বিরোধিতা করে চলেছেন। জেটলির ভাষায়, এটা আদর্শগত অসহিষ্ণুতা।
জেটলির এই প্রতিক্রিয়ার জবাব দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র আনন্দ শর্মা। তিনি গতকাল বলেছেন, বেড়ে চলা অসহিষ্ণুতা নিয়ে নরেন্দ্র মোদির সাফাই প্রধানমন্ত্রী পদের মর্যাদাই নষ্ট করেছে। বিভিন্ন ভাষার লেখক-লেখিকাদের সরকারি-বেসরকারি খেতাব ফেরতের ঘটনায় প্রধানমন্ত্রী যে প্রতিক্রিয়া দিয়েছেন, তা মানুষকে আশ্বস্ত করার পক্ষে যথেষ্ট নয়। আনন্দ শর্মা আরও বলেন, যারা এই কাজ করে চলেছে, তারা প্রধানমন্ত্রীর আচরণ থেকেই উৎসাহিত হচ্ছে। মোদি ও বিজেপি দেশে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছেন, যাতে স্বতন্ত্র স্বর বন্ধ হয়ে যায়। দেশের মানুষকে আশ্বস্ত না করে তাঁরা সহিষ্ণুতার আগুনে হাওয়া দিচ্ছেন।