পুরির জগন্নাথদেবের মন্দির সব ধর্মের জন্য উন্মুক্ত করার নির্দেশ

ভারতের ওডিশা রাজ্যের ঐতিহ্যবাহী পুরির জগন্নাথদেবের মন্দির সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। মন্দিরটি এত দিন শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য উন্মুক্ত ছিল। অন্য ধর্মাবলম্বীদের জন্য মূল মন্দিরে প্রবেশাধিকার ছিল না।
শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য উন্মুক্ত থাকার বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন করেন মৃণালিনী পাধি নামের এক নারী। ওই আবেদনের ওপর শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে গোয়েল ও বিচারপতি এস আবদুল নাজিরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বলেছেন, পুরির জগন্নাথদেবের মূল মন্দির সব দর্শনার্থীর জন্য উন্মুক্ত কারার বিষয়টি বিবেচনা করা হোক। এখানে প্রবেশের জন্য জাতপাত বা ধর্ম যেন বিবেচিত না হয়। মন্দিরে সবার যেন সমান প্রবেশাধিকার থাকে।
রথযাত্রার আগে আগে সুপ্রিম কোর্টের এই নির্দেশে খুশি পর্যটকেরাও। প্রতিবছর দেশ-বিদেশের বিভিন্ন ধর্মের লাখো পর্যটক আসেন পুরিতে। এসব পর্যটক পুরির সমুদ্র দর্শন করতে পারলেও এখানের প্রধান আকর্ষণ জগন্নাথদেবের মূল মন্দির দর্শন করতে পারতেন না। সুপ্রিম কোর্টের এই নির্দেশে তাই খুশি পর্যটকেরা।