পুলিশকে স্মার্ট হতে হবে: মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশকে ‘স্মার্ট’ হতে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এ ‘স্মার্ট’ অর্থ নিছক চৌকস নয়, বেশ কয়েকটি গুণ ও দক্ষতার সমন্বয়। আসাম রাজ্যের গুয়াহাটি শহরে দেশের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সম্মেলনে গতকাল রোববার এ আহ্বান জানান মোদি। সম্মেলনে ভারতের বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানেরাও উপস্থিত ছিলেন। খবর এনডিটিভির।
স্মার্ট (ইংরেজি বানানে এসএমএআরটি) শব্দটিকে ব্যাখ্যা করে নরেন্দ্র মোদি বলেন, ‘এস শব্দ বলতে বুঝাচ্ছি স্ট্রিক্ট (কঠোর), তবে সেনসেটিভ (সংবেদনশীল), এম অর্থ মডার্ন (আধুনিক) ও মোবাইল (গতিশীল), এ বলতে অ্যালার্ট (সজাগ) ও অ্যাকাউনটেবল (দায়িত্বশীল), আর হচ্ছে রিলায়েবল (নির্ভরযোগ্য) ও রেসপনসিভ (দ্রুত সাড়া দেয় এমন) এবং টেকনো-স্যাভি (প্রযুক্তি বিষয়ে চৌকস) ও ট্রেইন্ড (প্রশিক্ষিত)।’
পুলিশের কল্যাণে গুরুত্ব আরোপ করে মোদি বলেন, তাদের পরিবারের লোকজন যেন ভালোভাবে জীবন যাপন করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। পুলিশের নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরার জন্য গণমাধ্যমকে দুষেন মোদি। বলেন, পুলিশের অনেক ভালো কাজ আছে, সেগুলো গণমাধ্যমে প্রাধান্য পায় না।
তিনি ঝিমোচ্ছিলেন: মোদি যখন পুলিশকে স্মার্ট হওয়ার পরামর্শ দিচ্ছিলেন, তখন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের প্রধান রনজিত সিনহা ঝিমোচ্ছিলেন। টেলিভিশন ক্যামেরায় সিনহার এই ঝিমোনোর ছবি ধরা পড়ে। কোনো অনুষ্ঠানে তাঁর এভাবে ঝিমোনোর ঘটনা অবশ্য নতুন নয়। গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ও সিনহাকে ঘুমাতে দেখা যায়। প্রসঙ্গত, দুই দিন পরই অবসরে যাবেন তিনি।