পুলিশি হয়রানির অভিযোগে কুনাল ঘোষের মামলা

পশ্চিমবঙ্গের সারদা অর্থ কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার হওয়া বহিষ্কৃত তৃণমূল সাংসদ কুনাল ঘোষ পুলিশি হয়রানির অভিযোগে গতকাল মঙ্গলবার কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছেন। আগামী মাসে মামলাটি শুনানির জন্য বিচারপতি নাদিরা পাথেরিয়ার এজলাসে ওঠার কথা।
কুনাল ঘোষ তাঁর আবেদনে বলেন, কথা বলার এবং মত প্রকাশের মৌলিক অধিকার খর্ব করার অধিকার কারও নেই। বিচারাধীন বন্দীর কাছ থেকেও এই অধিকার কেড়ে নেওয়া যায় না। অথচ রাজ্য সরকার বিচারাধীন কুনাল ঘোষের ক্ষেত্রে তাই করছে। এ ব্যাপারে তাই কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন কুনাল ঘোষ।
কুনাল ঘোষের আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, মদন মিত্র, কুনাল ঘোষ, সুশান্ত ঘোষ বিচারাধীন রাজনৈতিক ব্যক্তিত্ব। সুশান্ত ঘোষ জামিনে মুক্ত। তিনি বিভিন্ন রাজনৈতিক সভা, সমাবেশে বক্তব্য দিচ্ছেন। রাজ্য বিধানসভায়ও কথা বলছেন। অথচ কুনাল ঘোষকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাঁর লেখাও ছাপতে দেওয়া হচ্ছে না। মদন মিত্র অসুস্থতার জন্য বারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হচ্ছেন। অথচ সেই সুযোগ দেওয়া হচ্ছে না কুনাল ঘোষকে।
শুধু তা-ই নয়, মদন মিত্রকে বারবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হলেও পুলিশ বাধা দিচ্ছে কুনাল ঘোষকে। আদালতে যাওয়া-আসার পথে লাগাতার পুলিশি হেনস্তা, ধাক্কাধাক্কি, সাংবাদিকদের সঙ্গে কথা না বলতে দেওয়ার ঘটনা ঘটছে। তাই মত প্রকাশের স্বাধীনতার দাবি তুলে তিনি কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন।