পুলিশের গুলিতে ১২ মাওবাদী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ছত্তিশগড় রাজ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। ছবিটি প্রতীকী। ছবি: রয়টার্স
ভারতের ছত্তিশগড় রাজ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। ছবিটি প্রতীকী। ছবি: রয়টার্স

ভারতের ছত্তিশগড় রাজ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে যৌথ বাহিনীর তল্লাশি অভিযানের সময় এ ঘটনা ঘটে। নিহত মাওবাদীদের মধ্যে ছয়জন নারী। পুলিশের অনুমান, এ সংঘর্ষে দুই শীর্ষ মাওবাদী নেতার মৃত্যু হয়েছে। দুই পক্ষের লড়াইয়ে নিহত হয়েছেন এক পুলিশ কমান্ডো। আহত হয়েছেন তিনজন পুলিশ সদস্য।

পুলিশ সূত্র জানিয়েছে, ছত্তিশগড়ের বিজাপুর জেলা ও তেলেঙ্গানার ভাদাদরি কোঠাগুদাম জেলার মধ্যকার পূজারি কাঙ্কের জঙ্গলে প্রায় ৫০-৬০ জন মাওবাদী বৈঠক করার জন্য জড়ো হয়েছে বলে খবর পাওয়া যায়। এরপর যৌথ বাহিনী শুক্রবার ভোর থেকে তল্লাশি অভিযান শুরু করে। ছত্তিশগড়ের অ্যান্টি নকশাল অপারেশনসের বিশেষ পরিচালক জেনারেল ডিএম অবস্থি বলেন, ভোরে রাইপুর থেকে ৫০০ কিলোমিটার দূরে পূজারি কাঙ্কের জঙ্গলে যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের লড়াইয়ে ১২ মাওবাদী নিহত হয়েছেন। মাওবাদী দমন বাহিনী গ্রেহাউন্ডের এক জওয়ান নিহত হয়েছেন।

ডিএম অবস্থি আরও জানান, গুরুতর আহত তিন জওয়ানকে উদ্ধার করে ভদ্রাচলমে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি মাওবাদীদের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নিহত দুই শীর্ষ মাওবাদী নেতা হলেন তেলেঙ্গানা মাওবাদী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হরিভূষণ ওরফে জগন এবং করিমনগর-ওয়ারাঙ্গাল-খাম্মামের ডিভিশনাল কমিটির সম্পাদক দামোদর ওরফে ছোক্কা রাও।

ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল, ইনসাস রাইফেল ও প্রচুর গোলাবারুদ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।