পুলিশের জালে বাংলাদেশের দুই জেএমবি জঙ্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশারফ হোসেন ও রুবেল আহমেদ। ছবি: সংগৃহীত
মোশারফ হোসেন ও রুবেল আহমেদ। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের গৌতম বুদ্ধনগর জেলার গ্রেটার নয়ডার সুরজপুর থানা এলাকা থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। গতকাল মঙ্গলবার ভোরে উত্তর প্রদেশ, নয়ডা ও পশ্চিমবঙ্গের পুলিশের সন্ত্রাস দমন শাখার বিশেষ বাহিনী (এসটিএফ) যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম মোশারফ হোসেন ওরফে মুসা ওরফে তেজরুল ইসলাম ওরফে রেজাউল করিম এবং রুবেল আহমেদ ওরফে মনিরুল ইসলাম। তাঁদের দুজনেরই বাড়ি বাংলাদেশের রংপুরের হরিপুর এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জেএমবির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় আড়াই মাস আগে এই দুজন দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢোকেন। তাঁদের পরিকল্পনা ছিল দিল্লি ও এর আশপাশে এলাকায় নাশকতা চালানো। আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে নাশকতা করার ছক কষেছিলেন এই জঙ্গিরা। তাঁদের বিরুদ্ধে ঢাকায় ব্লগার হত্যাসহ হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

সম্প্রতি কলকাতার আমহার্স্ট স্ট্রিট থেকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশের দুই জঙ্গি জামশেদ আলী ওরফে রিয়াদ হোসেন ও আইসুল রহমান ওরফে আনিসুরকে। তাঁদের বিরুদ্ধে বুদ্ধগয়ার হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল। তাঁদেরই জেরা করে পুলিশ মোশারফ ও রুবেলের খোঁজ পায়। কিন্তু গ্রেপ্তারের আগেই তাঁরা পশ্চিমবঙ্গ ছেড়ে উত্তর প্রদেশে পালিয়ে যান। পশ্চিমবঙ্গে তাঁদের আনাগোনা ছিল মুর্শিদাবাদে। পরে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স এই দুই জঙ্গির হদিস পায় গ্রেটার নয়ডায়। গতকাল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাঁদের আদালতে তুলে কলকাতা পুলিশ ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার আবেদন জানাবে। কলকাতায় আনার পর উত্তর প্রদেশের পুলিশের একটি বিশেষ দল তাঁদের জেরা করবে।

উত্তর প্রদেশের পুলিশের মহাপরিচালক (ডিজি) ওপি সিং বলেছেন, জেরার পর জানা যাবে এই দুই বাংলাদেশি জঙ্গির সঙ্গে কারা জড়িত। তাঁরা ভারতের কোথায় কোথায় ঘাঁটি গড়েছেন। কারা তাঁদের সহযোগিতা করছেন।