পুলিশের ভুঁড়ি নিয়ে জনস্বার্থ মামলা!
পশ্চিমা বা কোনো দূর দেশে হয়তো হয়েছে, কিন্তু কলকাতা তথা ভারতে ব্যাপারটা নিশ্চয়ই অভিনব। তা হচ্ছে, পুলিশের ভুঁড়ি নিয়ে নাগরিকের মামলা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হাইকোর্টে দায়ের করা হয়েছে এই ব্যতিক্রমধর্মী মামলা।
হাইকোর্টে করা ওই জনস্বার্থ মামলার আবেদনকারী তাঁর আরজিতে প্রশ্ন তুলেছেন, ভুঁড়ি নিয়ে একজন পুলিশ কীভাবে তাঁর দায়িত্ব পালন করেন? তিনি তো শারীরিকভাবে সক্ষম নন। এ মামলার আবেদনকারী কলকাতার বেহালার বাসিন্দা কমল দে।
গত ১৬ ডিসেম্বর দায়ের করা মামলার শুনানি হয়েছে শুক্রবার। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এ শুনানি হয়। শুনানি শেষে আগামী চার সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশের শারীরিক ও মানসিক সক্ষমতার বিষয়ে রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে বা পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেওয়া হবে, তা হলফনামার মাধ্যমে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিবের কাছে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আবেদনকারী তাঁর আরজিতে পুলিশের শারীরিক এবং মানসিক সুস্থতা—এ দুটো দিকই তুলে ধরেছেন। বলেছেন, ‘শারীরিকভাবে অকর্মণ্য যে পুলিশ কর্মী প্রকাশ্যেই ঘুমাচ্ছেন বা হাতে খইনি টিপছেন, তিনি কীভাবে আমজনতাকে নিরাপত্তা দিতে পারেন? আমরা রাতে কীভাবে নিশ্চিন্তে¯ঘুমাব?’ অভিযোগের সপক্ষে আবেদনকারী কমল দে আদালতে পুলিশের বিভিন্ন ধরনের ২০টি ছবিও পেশ করেন। তাতে তিনি ২০১৫ সালের সেরা পুলিশ কর্মকর্তার ছবি তুলে দিয়ে প্রশ্ন করেন, ‘এই ভুঁড়িওয়ালা পুলিশ কর্মকর্তা কীভাবে দায়িত্ব পালন করছেন?’ বিচারকেরা পুলিশের এসব ছবি দেখে হেসে ফেলেন। প্রধান বিচারপতি মন্তব্য করেন, পুলিশ শারীরিকভাবে উপযুক্ত না হলে অপরাধীদের দৌড়ে কীভাবে ধরবেন?
আবেদনকারী ১৮৬১ সালের পুলিশ আইনের কথা তুলে ধরে দাবি করেন, পুলিশ শারীরিকভাবে সক্ষম না হলে প্রথমে তাঁকে সাসপেন্ড, পরে বরখাস্ত করা যেতে পারে। কিন্তু সেই আইন এখন মেনে চলছে না রাজ্য সরকার।