পূজায় মেতেছে ত্রিপুরাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেই শারদোৎসবে মেতে উঠেছে ভারতের ত্রিপুরা। রাজধানী আগরতলাসহ পুরো রাজ্যই দশভুজার পূজাকে ঘিরে মেতে উঠেছে। ষষ্ঠীর দিন থেকেই রাস্তায় নেমেছে জনজোয়ার। আজ শনিবার রাতে ভিড় জমে উঠবে সেখানে।

ত্রিপুরায় ৭০ শতাংশ বাঙালি। বাকি ৩০ শতাংশের বেশির ভাগই নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। তাঁরা সদলবলে দুর্গাপূজায় অংশ নেন। এতে প্রকৃত অর্থেই দুর্গাপূজা সর্বজনীন হয়ে উঠেছে। গোটা রাজ্যে আড়াই হাজারেরও বেশি বারোয়ারি এবং শতাধিক বাড়ির পূজা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন রাজ্য পুলিশপ্রধান কে নাগরাজ।

কে নাগরাজ বলেন, ব্রডগেজ রেল চলাচল শুরু হওয়ায় এবার অনেক ভিড় হবে। পরিস্থিতি সামলাতে সাধারণ পুলিশের সঙ্গে আধা সামরিক সেনাদেরও নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় পূজা কমিটি ছাত্রবন্ধু ক্লাবের সম্পাদক অশোক ঘোষের দাবি, কলকাতার বাইরে দুর্গাপূজার এত বড় আয়োজন কোথাও হয় না।

ত্রিপুরার পূজাতে মণ্ডপ ও আলোকসজ্জার জন্য পশ্চিমবঙ্গ থেকে শিল্পীরা আসেন। আগরতলা ছাড়াও সাব্রুম, ধর্মনগর, বিশালগড়েও বড় বড় পূজা হয়। রাজ্যের পাহাড়ি মানুষ তাঁদের নিজস্ব পোশাকে দেবীকে বরণ করে নেন। পূজার আচারেও তাঁরা বাঙালিদের থেকে নিজস্বতাকে বেশি গুরুত্ব দেন।

পূজাকে কেন্দ্র করে ত্রিপুরায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বহু সামাজিক দায়বদ্ধতারও পরিচয় দেন আয়োজকেরা। একই সঙ্গে সাহিত্য পত্রিকা প্রকাশও শারদোৎসবের বড় প্রাপ্তি। ভারতভক্তির চুক্তি মেনে ত্রিপুরাতে সরকারি উদ্যোগেও পূজা হয়। হিন্দু-মুসলিম-বৌদ্ধ সবাই মিলেমিশে উৎসবে শামিল হওয়াটাই এখানকার ঐতিহ্য। তবে ষষ্ঠীর মতো সপ্তমীর দিনও বৃষ্টি হওয়ায় অনেকেরই মুখভার। আশঙ্কা করা হচ্ছে, প্রকৃতিই না বাদ সাধে বাঙালির এত বড় আনন্দযজ্ঞে।