পূর্ব দিল্লিতে দুই সম্প্রদায়ের সংঘর্ষ, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাতের পর সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল রোববার এলাকায় উত্তেজনা থাকলেও নতুন করে কোনো সংঘর্ষ হয়নি। খবর এনডিটিভি ও দ্য হিন্দুর।
গত বৃহস্পতিবার দীপাবলি উৎসবের রাতে নয়াদিল্লির পূর্ব প্রান্তের ত্রিলোকপুরী এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত শুরু হয়। পুলিশ প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও মধ্যরাতে সংঘর্ষ বেড়ে যায়। পুলিশ তখন টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে আবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন পুলিশের ওপর পাথর ছুড়ে মারে। এ ঘটনায় ১৯ জন আহত হন। এর মধ্যে ১৩ জনই পুলিশের সদস্য।
ঘটনার পর এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। গতকাল স্থানীয় অনেকে পরিবার নিয়ে এলাকা ছেড়ে চলে যায়।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বলেন, ‘আমরা দাঙ্গার মামলা করেছি। এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’