রাজ্যভাগের দাবিতে ত্রিপুরা উত্তাল

পশ্চিমবঙ্গের মতো ভারতের ত্রিপুরাও রাজ্যভাগের দাবিতে উত্তাল। স্থানীয় জনজাতি গোষ্ঠীর নেতারা আজ সোমবার থেকে শুরু করেছেন রেল ও জাতীয় সড়ক অবরোধ। তাঁদের দাবি গোর্খাল্যান্ডের মতো ত্রিপুরা ভেঙে করতে হবে তুইপ্রাল্যান্ড।
ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি)-এনসি দেববর্মা গোষ্ঠীর ডাকে বৃষ্টিকে উপেক্ষা করে শুরু হয়েছে অনির্দিষ্টকালের এই অবরোধ। রাজনৈতিক দলগুলো এই দাবির বিরোধিতা করলেও উপজাতিদের উন্নয়নের কথা বলে অবরোধের রাজনীতিতে অটল আন্দোলনকারীরা।
আজ হাজার পাঁচেক পিকেটার রাজ্যের জীবন রেখা বলে পরিচিত জাতীয় সড়ক ও রেল অবরোধ শুরু করেন। রাজধানী আগরতলার অদূরে খামতিংবাড়ি ও সাধুপাড়ায় ৮ নম্বর জাতীয় সড়কে চলছে পিকেটিং। ভৃগুদাসপাড়ায় অবরোধকারীরা রেল লাইনের ওপরই তাঁবু টাঙিয়ে শামিল হয়েছেন অবরোধে। তবে রেল কর্তৃপক্ষ আগে থেকেই আন্দোলনে কারণে ত্রিপুরায় ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে এই অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিতে রাজ্যের শাসক দল কমিউনিস্ট পার্টি মণিপুরের ছায়া দেখছে। কারণ মণিপুরে ভোটের আগে কংগ্রেস সরকারকে বিপাকে ফেলতে একইভাবে সাড়ে চার মাস অবরোধ করেছিল ইউনাইটেড নাগা কাউন্সিল। ভোট মিটতেই বিজেপির সমর্থনে তাঁরা অবরোধ তুলে নেয়।
সিপিএম-এর রাজ্য সম্পাদক বিজন ধর সাংবাদিকদের কাছে সরাসরি অভিযোগ করেছেন, খোদ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ত্রিপুরার কমিউনিস্ট সরকারকে বিপাকে ফেলতে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি রাজ্যভাগের দাবি ও সেই দাবির সমর্থনে অবরোধ কর্মসূচিকে অযৌক্তিক বলেও বর্ণনা করেছেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা প্রথম আলোকে বলেন, রাজ্যভাগ কিছুতেই তাঁরা মানবেন না। কড়া হাতে রাজ্যকে অবরোধমুক্ত করার দাবি তোলেন তিনি।
বিজেপির বিরুদ্ধে গোপনে মদদ দেওয়ার অভিযোগ উঠলেও দলের মুখপাত্র অরুণ কান্তি ভৌমিক প্রথম আলোকে বলেন, তাঁরা তুইপ্রাল্যান্ডের দাবির বিরোধী। অবরোধের রাজনীতিকেও তাঁরা সমর্থন করেন না। ভারতের প্রান্তিক রাজ্যে ত্রিপুরার সঙ্গে গোটা দেশের সড়ক ও রেল পথে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ায় মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে।

বর্ষায় এমনিতেই প্রতি বছর পাহাড়ি রাজ্যটিতে যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়ে। এবার এই অনির্দিষ্টকালের অবরোধ ব্যবসায়ীদের চিন্তা বাড়াচ্ছে। ত্রিপুরা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এম এল দেবনাথ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আপাতত পরিস্থিতি নাগালের মধ্যেও থাকলেও অবরোধ বেশি দিন চললেই বিপদ। নিত্যপ্রয়োজনীয় জিনিসে টান পড়বে। দুর্ভোগ বাড়বে মানুষের।
তবে অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল এনসি দেববর্মা। সোমবার সকালে খামতিংবাড়িতে দাঁড়িয়ে প্রথম আলোকে তিনি বলেন, দার্জিলিং-এ গোর্খাল্যান্ডের মতো ত্রিপুরাতেও তুইপ্রাল্যান্ডের আন্দোলন চলবে। দার্জিলিঙের আন্দোলনকেও সমর্থন জানান তিনি। তবে দার্জিলিঙের মতো ত্রিপুরায় তাঁরা হিংসার আশ্রয় নেবেন না বলেও মন্তব্য করেন এনসি।