পৃথক রাজ্যের দাবিদারের সঙ্গে জোট বিজেপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগরতলায় বিজেপির রাজ্য দপ্তরে সংবাদ সম্মেলনে আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সঙ্গে আছেন দলের ত্রিপুরা রাজ্য সভাপতি বিপ্লব দেব ও রাজ্য প্রভারী সুনীল দেওধর। ছবি: প্রথম আলো
আগরতলায় বিজেপির রাজ্য দপ্তরে সংবাদ সম্মেলনে আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সঙ্গে আছেন দলের ত্রিপুরা রাজ্য সভাপতি বিপ্লব দেব ও রাজ্য প্রভারী সুনীল দেওধর। ছবি: প্রথম আলো

ভারতের ত্রিপুরা রাজ্যকে ভেঙে আলাদা একটি রাজ্যের দাবি যাদের, তাদের সঙ্গেই হাত মেলাল বিজেপি। আসামের বিজেপি দলীয় অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
হিমন্তের ঘোষণা অনুযায়ী বিধানসভা নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ৫১ টিতে লড়বে বিজেপি। বাকি ৯টি কেন্দ্রে লড়বে উপজাতিদের জন্য পৃথক রাজ্যের দাবিদার আইপিএফটির এনসি গোষ্ঠী।
তবে এই জোটের পরও অ-বাম উপজাতিদের নিয়ে জোট গঠনের স্বপ্ন অধরাই রয়ে গেল বিজেপির। ত্রিপুরার একসময়ের বিচ্ছিন্নতাবাদী নেতা বিজয় রাঙ্খলদের আইএনপিটি, এনসিটি ও আইপিএফটি (তুই প্রা হা) আলাদাভাবে ভোটে লড়ার কথা ঘোষণা করে প্রার্থী তালিকাও প্রকাশ করে। তবে এই জোট কংগ্রেসের সঙ্গে সমঝোতার রাস্তা খোলা রেখেছে।
কংগ্রেস এখনো তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি। এরই মধ্যে শুরু হয়েছে মনোনয়নপত্র পেশ। বৃহস্পতিবার পর্যন্ত ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সিপিএমের ৮ জন এবং ২ জন ‘আমরা বাঙালি’র। ক্ষমতাসীন বামপন্থীরা মঙ্গলবারই প্রার্থী তালিকা ঘোষণা করলেও বিজেপিও তাদের তালিকা প্রকাশ করতে পারেনি। হিমন্ত জানিয়েছেন, কাল শনিবার সন্ধ্যায় অথবা রোববার তাঁরা প্রার্থী তালিকা দিল্লি থেকে প্রকাশ করবেন।
কংগ্রেস সূত্রের খবর, দিল্লিতে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলছে। স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে আগামী রোববার বা সোমবার প্রকাশিত হবে প্রার্থী তালিকা। জোটের বিষয়টিও ঝুলিয়ে রেখেছে কংগ্রেস। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
ত্রিপুরায় ক্ষমতাসীন বামফ্রন্ট সূত্রের খবর, সোমবারই তারা মনোনয়ন পত্র দাখিলের কাজ শেষ করতে চায়। এরমধ্যে বামফ্রন্টের প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে পুরোদমে প্রচার শুরু করে দিয়েছেন।